ছাত্রাবস্থায় মোহাম্মদ ইকবাল খুব সিরিয়াস ছাত্র ছিলেন। ওই সময় তিনি বাউল ও সন্ন্যাসীদের নিয়ে কাজ শুরু করেন। লেগে থেকে তাঁদের জীবন নিয়ে তখন তিনি কাজ করে গেছেন। সেই সিরিয়াসনেস তাঁর আজকের কাজেও পাওয়া যায়। ছাত্রের একক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এভাবেই শিক্ষক শিল্পী রফিকুন নবী তাঁর প্রশংসা করেন।
গ্যালারি কায়ার এবারের আয়োজন মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী ‘আউটসাইড অব দ্য সোশ্যাল বন্ডেজ’ (সামাজিক সম্পর্কের বাইরের দিক)। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ছবি দেখতে আসতে হবে বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে।
শিল্পীর ৩৪টি সাম্প্রতিক কাজ নিয়ে এ প্রদর্শনী। ছবিগুলো তেলরং ও মিশ্র মাধ্যমে আঁকা। বাউল ও আধ্যাত্মিকতা ছাড়াও শিল্পী বিশেষভাবে মনোযোগ দিয়েছেন শিশুদের প্রতি। তিনি নিজেই বললেন, মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল চার। যুদ্ধের ভয়াবহতার কিছু স্মৃতি এখনো তাঁর রয়েছে। তাই চারুকলার পড়াশোনা শেষে জাপানে পিএইচডি গবেষণার বিষয় করেন সভ্যতা ও বিপর্যয় কীভাবে শিশুদের ওপর প্রভাব ফেলে। শিশুদের নিয়ে কাজ শুরু করেন তখন থেকেই।
জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে স্মরণ করিয়ে দিলেন জাপান ও বাংলাদেশের শিল্পীদের সম্পর্কের ঐতিহ্যের কথা। আর সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মোহাম্মদ ইকবালের কাজগুলোই কথা বলে। তাঁর কাজ আগেও দেখেছি, কিন্তু এবার কিছু পরিবর্তন পাচ্ছি। সেটাই স্বাভাবিক।