
নতুন নাটক হাতে নিয়েছে ঢাকা থিয়েটার। প্রথম মাসের যেকোনো দিন মহড়াঘরের দৃশ্য কেমন? পরিচালক নাসির উদ্দীন ইউসুফ গোল হয়ে বসে থাকাদের মধ্যে একজনের দিকে আঙুল তুলে বললেন, অ্যাই তুমি বিশ্বামিত্র।
যাঁর দিকে হুকুম, তিনি নিজের বিষয়ে নিশ্চিত না হয়ে ডানে-বাঁয়ে তাকান। বিশ্বামিত্র তাঁকে পড়তে বলা হচ্ছে, এটা নিশ্চয় বিশ্বাস হচ্ছে না। নাসির উদ্দীন ইউসুফকে সবাই বাচ্চু ভাই ডাকে, বাচ্চু ভাই এবার একটু চড়িয়ে বললেন, শাহজাহান তুই।
![সেলিম আল দীন [১৮ আগস্ট ১৯৪৮—১৪ জানুয়ারি ২০০৮]](http://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2014%2F01%2F08%2F52cd8769a56ad-3.jpg?w=640&auto=format%2Ccompress)
হালকা-পাতলা গড়নের চিকন গলার শাহজাহান বিশ্বামিত্র পড়তে শুরু করেন। গোল হয়ে বসে থাকাদের কারও কাছে এ দৃশ্য কৌতুককর নয়।
সেলিম আল দীনের লেখা শকুন্তলা নাটকের মহড়া। বাচ্চু ভাই ও সেলিম আল দীন আমাদের সবার গুরুজনস্থানীয়, অতি সম্মানের। তবে মহড়া শেষ হলে বাকি সবার মতোই একজন। মহড়াকক্ষে ভাবগম্ভীর পরিবেশ থাকলেও অন্য সময় একাকার হয়ে যাওয়ার। মহড়ার প্রথম দিকে সেলিম ভাই প্রায়ই উপস্থিত থাকবেন, এটা নিয়ম ছিল। কারণ, নাটক বিষয়ে অনেকের অনেক প্রশ্নের উত্তর তাঁকে দিতে হবে।
মহড়াকক্ষের প্রসঙ্গে এসেছি সেলিম আল দীন মানুষটা কেমন ছিলেন তা একটু মনে করতে। সে মানুষ স্বয়ং নাসির উদ্দীন ইউসুফ থেকে শুরু করে সবচেয়ে সরল প্রাণের সদ্য দলে ঢোকা সদস্যের প্রশ্নও একই রকম মনোযোগ দিয়ে শুনতেন। যাঁরা তাঁকে কাছ থেকে দেখেছেন, সবাই জানেন লেখা বিষয়ে যেকোনো চুলচেরা প্রশ্ন শিশুসুলভ হাসি মুখে ঝুলিয়ে শুনতেন এবং জবাব দিতেন। তাঁর রচনা বিষয়ে অতি কটু কথা উচ্চারিত হলেও মুখ থেকে সরল কৌতুকময় হাসিটা উধাও হয়ে যেত না। সেলিম আল দীন মানে অসংখ্য মাত্রা।
২.
সেলিম আল দীনকে নিয়ে আমি কী লিখব, তাঁকে ব্যাখ্যা-বিশ্লেষণ করব আমি? নিজেকে প্রশ্ন করেছি, তুমি কে হে? উত্তরও নিজে দিয়েছি, আমি তাঁর অনুজপ্রতিম কিন্তু দাবি করতে পারি নির্দ্বিধায়, তাঁর বন্ধু ছিলাম। যে মাপের মানুষ সেলিম আল দীন, সে অনুযায়ী তাঁর বন্ধু হওয়ার যোগ্য আমি নিশ্চয়ই ছিলাম না।
তাঁর নিকটজন আমি বা আমরা যে হতে পেরেছিলাম, সে তাঁরই অসাধারণ যোগ্যতায়। তিনি যোগ্য বলে অযোগ্য বিবেচনায় আমাদের সঙ্গে নিয়ে নিয়েছিলেন, তা নয়। দুর্বিনীত সময় কখনো প্রাকৃতিক ও মৌলিক সেলিম আল দীনকে সামান্য ছুঁয়ে হালকা বদলে দিতে পারেনি। একজন মানুষ বৃহৎ পৃথিবীর নানা অসাধারণত্ব আবিষ্কারের নেশায় নিজেকেই ভুলে গিয়েছিলেন। অথবা উপলব্ধি করেছিলেন, অসীম জগতের অতি সামান্যই তিনি আপনার করতে পারবেন।
এই সত্য জানেন বলেই যত দিন ছিলেন সামান্য হয়ে ক্ষুদ্রের জীবন যাপন করেছেন। সে কারণেই আমাদের সাধ্য বা সুযোগ হয়েছিল তাঁর প্রিয়জনের তালিকায় নাম লেখানোর। সেলিম আল দীন ছিলেন সাধক। তাই নিজেকে সাধারণ হিসেবে জানতেন।
অনেক মানুষ মৌলিক মানুষকে দেখতে ভালোবাসে ঘষা কাচের ভেতর দিয়ে। মানুষেরা দীর্ঘ মানুষকে দেখার কষ্ট নিতে চায় না, নানা ছুতো পেয়ে সোজা পথ ভোলে। জনপ্রিয়তার মোহে আটকা পড়ে যায়, মন-প্রাণ নিবেদন করে জনপ্রিয়তার ছুতো ধরে।
এসব ভুল স্বভাব আছে, থাকবে। সেলিম আল দীনের জন্ম ও মৃত্যুদিন আসবে, যাবে। দায় থেকে হবে নানা রকম স্মরণ। সে দায়ের পরিমাণ কার কতটুকু? সে স্মরণের মান যাঁকে স্মরণ করা তাঁর মাপ অনুযায়ী যথেষ্ট কি না, এসব প্রশ্ন জাগা উচিত।
উচিত-অনুচিতের প্রসঙ্গ এল, কেননা একটা ফাঁক সংবেদনশীল মানুষেরা প্রত্যক্ষ করে। এ কথা তো ঠিক, আমরা নিজের মতো করে জনপ্রিয়তার মাপকাঠি দাঁড়া করাই, তারপর হিসাবমতো যাঁকে স্মরণ করব তাঁর জন্য স্মরণের মাপও নির্দিষ্ট করে নিই।
জনপ্রিয়তার কথা যে টেনে আনলাম, তার একটা ব্যাখ্যা দরকার। সেলিম আল দীনের সঙ্গে আমার যুক্ততা ১৯৭৫ থেকে। সম্পর্ক তৈরির আগে তাঁর আতর আলীদের নীলাভ পাঠ পড়ি, চমকিত হই। তাঁর সঙ্গে যোগাযোগের ইচ্ছে হয়। যোগাযোগ হয়েছিল সে বছরই। অবাক ব্যাপার, আপ্রাণ চেষ্টা করেও মনে করতে পারি না, যোগাযোগের পর ঘনিষ্ঠতা হলো কীভাবে। ঘনিষ্ঠতা তো এক দিনে হয় না, বহুদিনের কথা ভুললাম কী করে! এ রহস্যের কূলকিনারা মেলে না।
যাই হোক, ঢাকা থিয়েটারে যোগ দিয়ে ১৯৭৫-এ তাঁর লেখা নাটক সংবাদ কার্টুন-এ অভিনয় করি। সংবাদ কার্টুন চলতি প্রথার নাটক ছিল না। সে সময়ের দর্শক তেমন নাটকের জন্য তৈরি হয়নি। তবু উপচে পড়া ভিড় ছিল মিলনায়তনে, সব প্রদর্শনীতে। কারণ, সবাইকে অচেনা এক বন্দরে নামিয়ে দিয়েছিলেন তিনি।
তারপর একে একে সংবাদ কার্টুন, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসী, শকুন্তলা—এর পরবর্তী নাটকগুলোয় যে বিস্ময়কর সেলিম আল দীনের আবির্ভাব তার কথা এ সামান্য পরিসরে অনুচ্চারিত থাক। এ পর্যন্ত যে নামগুলো স্মরণ করলাম তা দিয়ে একটা সময়কে স্মরণে নেওয়া যায়। তখন তিনি নিরীক্ষাধর্মী নাটকই লিখেছেন, তীব্রভাবে আত্মানুসন্ধান করে চলেছেন সব নাটকে এবং দর্শক অতি আগ্রহে সেসব নাটক দেখতেও এসেছেন। প্রতিটি নাটক সর্বাধিক প্রদর্শনীর সম্মান পেয়েছে। অথচ জানা কথা, এসব কোনো লেখাই জনপ্রিয়তার আকাঙ্ক্ষায় রচিত হয়নি, জনপ্রিয়তা নিজ চরিত্রগুণে খুঁজে নিয়েছে উপযুক্তকে।
ঘষা কাচের মধ্য দিয়ে দেখার অভ্যাস সময়কে খুব বদলে দিচ্ছে। মানুষের মৌলিকত্ব বদলে যাক কেউ চায় না। তবু ভুল হয়ে যায়। প্রাণে প্রাণে হতাশা, স্বপ্নের ওড়াওড়ি দেখা হয় না। হাতে হাতে কুয়াশাচ্ছন্ন কাচ। তা মুছে দিতে কে আসবে? দায় তো নিজেদেরই।