সামিউন জাহান ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর পথনাটক নিয়ে হাজির হলো ঢাকা থিয়েটার। নাটকের নাম জিয়ন্তকাল । এ পর্যন্ত ১০টির বেশি প্রদর্শনী হয়েছে নাটকটির। রুবাইয়াৎ আহমেদের লেখা এই নাটক যৌথভাবে নির্দেশনা দিয়েছেন সামিউন জাহান ও ওয়াসিম আহমেদ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন সামিউন জাহান। তবে তিনি দোলা নামে পরিচিত। দীর্ঘদিন পর পথনাটক নিয়ে এল ঢাকা থিয়েটার। জিয়ন্তকাল-এর দর্শক সাড়া কেমন?সাড়া অনেক ভালো। দর্শক নাটকটি পছন্দ করেছেন। এর কারণ হলো, নাটকের গল্পটি সমসাময়িক। এখানে এসেছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ। নাটকের গল্পের এই দাবি এখন আমাদের প্রাণের দাবি। অর্থাৎ কালটা এখনো বহমান, তাই দর্শকও সাড়া দিয়েছেন।ঢাকা থিয়েটার আশির দশকে ‘নাচাও রাস্তা নাচাও’ স্লোগানে পথনাটকের আন্দোলন শুরু করেছিল। এ নাটকটি কি সেই ধারাবাহিকতা বহন করে?অবশ্যই। এই প্রযোজনাটি নিছক বিনোদন নয়, আন্দোলনের হাতিয়ারও বটে। দুই বছর আগে যখন নাটকটি লেখা হয়, তখন হয়তো যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটি মানুষের মনে মনে ছিল; কিন্তু আমরা যখন নাটকটির টানা মঞ্চায়ন করছি, ঠিক তখনই আলবদর, রাজাকারদের বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে মানুষ। জিয়ন্তকাল নাটকটিতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আপনি মঞ্চে নিয়মিত অভিনয় করেন। নির্দেশনা দেওয়ার সুযোগ হলো কীভাবে?ঢাকা থিয়েটারে নির্দেশনা দিতে পারা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কারণ, দলটি অনেক বড়। এখানে বড় মাপের অনেক অভিনেতা আছেন, যাঁরা এখনো নির্দেশনা দেননি। সেই দিক থেকে আমি ও ওয়াসিম—দুজনেই ভাগ্যবান। হঠাৎই একদিন দলের কর্ণধার বাচ্চু ভাই (নাসির উদ্দীন ইউসুফ) আমাদের দুজনকে যৌথভাবে একটা পথনাটক নির্দেশনা দেওয়ার কথা বললেন। পরে রুবাইদা (রুবাইয়াৎ আহমেদ) জিয়ন্তকাল লেখার পর দলের নতুন ছেলেমেয়েদের নিয়ে কর্মশালার মাধ্যমে নাটকটি মঞ্চে এনেছি।কোনটি পছন্দ—অভিনয়, নাকি নির্দেশনা? অভিনয়ই প্রথম পছন্দ। আমার কাছে অভিনয় হলো একধরনের স্বতঃস্ফূর্ত ও আবেগময় বিষয়, নাটকের ঘটনার মধ্য দিয়ে যা এগিয়ে যায়। এটা অনেকটা ভ্রমণের মতো। এই ভ্রমণ আমি উপভোগ করি। অন্যদিকে নির্দেশনার ব্যাপারটা যেন কৌশলগত—মাথায় অনেক চাপ নিয়ে কাজ করতে হয়। থিয়েটার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা...এই সময়ে যাঁরা থিয়েটার চর্চা করছেন, তাঁরা মূলত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে থিয়েটার করছেন। এখান থেকে তাঁদের আর্থিক কোনো উপার্জন নেই। আবার সমাজও তাঁদের সঠিক মূল্যায়ন করে না। ফলে অর্থনৈতিক ও সামাজিক—দুই জায়গাতেই তাঁদেরকে সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য থিয়েটারে পেশাদারিত্ব প্রয়োজন; যাতে এখান থেকেই আমার খাওয়া-পরা চলে, আমাকে অন্য পেশার দিকে হাত বাড়াতে না হয়। থিয়েটারকে আমি পেশা হিসেবে নিতে চাই—আমার ভবিষ্যৎ পরিকল্পনা এমনই। নির্দেশক, প্রযোজক বা অভিনেতা—যা-ই হোক, পেশাদার হিসেবে দাঁড়াতে চাই এই মাধ্যমেই।