সামিকে বাড়ি ছাড়তে আদালতের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদনান সামি
আদনান সামি

মুম্বাইয়ের আন্ধেরীর একটি বিশাল ফ্ল্যাট ছেড়ে দিতে হচ্ছে পাকিস্তানি সংগীতশিল্পী ও বলিউডের প্লেব্যাক গায়ক আদনান সামি এবং তাঁর তৃতীয় স্ত্রী রয়া ফারায়েবিকে। সম্প্রতি সামিকে বাড়িটি ছেড়ে দেওয়ার আদেশ দিয়েছেন বোম্বে উচ্চ আদালত। শুধু তা-ই নয়, বাড়িটি সামির দ্বিতীয় স্ত্রী সাবা গালাদারিকে হস্তান্তর করতেও বলা হয়েছে।

বাড়িটির মালিকানা দাবি করে ২০১০ সালে মামলা করেছিলেন সাবা। সম্প্রতি তাঁর পক্ষে রায় দিয়েছেন আদালত। রায় অনুযায়ী, এখন থেকে বাড়িটিতে বসবাস করতে পারবেন সাবা। অন্যদিকে, সামি কিংবা তাঁর পরিবারের সদস্যদের বাড়িটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের ১৩ ও ১৪ তলার মোট পাঁচটি ফ্ল্যাট একত্র করে ডুপ্লেক্স বাড়িটি ২০০৯ সালের ২১ জানুয়ারি সাবাকে উপহার দিয়েছিলেন সামি। তাঁদের বিচ্ছেদ হয়ে গেলে নতুন স্ত্রীকে নিয়ে বাড়িটিতে থাকা শুরু করেন সামি। অন্যদিকে, সাবা একটি হোটেলে গিয়ে ওঠেন। তিনি পরবর্তী সময়ে বাড়িটির মালিকানা দাবি করে মামলা ঠুকে দেন। আদনান সামিকে বাড়িটি ফাঁকা করে দিতেও বলেন সাবা।

এর পরিপ্রেক্ষিতে লোখান্ডওয়ালা কমপ্লেক্সেরই ১২ তলায় একটি ফ্ল্যাট অথবা ভারসোভা এলাকায় একটি ফ্ল্যাট সাবাকে দিতে চান সামি। কিন্তু সামির সেই প্রস্তাবে রাজি না হয়ে আইনি লড়াই চালিয়ে যান সাবা। অবশেষে তিনি মামলায় সাবেক স্বামীকে ঠিকই হারিয়ে দিলেন।

পাকিস্তানি চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী জেবা বখতিয়ারকে আদনান সামি বিয়ে করেছিলেন ১৯৯৩ সালে। সামির প্রথম বিয়ে টিকেছিল তিন বছর। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০০১ সালে আরবীয় বংশোদ্ভূত দুবাইয়ের মেয়ে সাবা গালাদারিকে বিয়ে করেন সামি। তিনি অতিরিক্ত মুটিয়ে গেলে দেড় বছর পর তাঁকে ছেড়ে চলে যান সাবা।

২০০৬ সালে সামির শরীরের ওজন গিয়ে ঠেকে ২৩০ কেজিতে। এ অবস্থায় মানসিক শক্তিকে হাতিয়ার করে কঠোর খাদ্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ১৬ মাসে ১৪৫ কেজি ওজন কমিয়ে ফেলেন সামি। ২০০৮ সালে সামির জীবনে ফিরে আসেন সাবা। তাঁরা পুনরায় বিয়ে করেন। কিন্তু মাত্র এক বছরের মাথায় বিচ্ছেদের আবেদন করেন সাবা।

২০১০ সালের ২৯ জানুয়ারি সামি তৃতীয়বারের মতো বিয়ে করেন আফগানিস্তানের মেয়ে রয়া ফারায়েবিকে। রয়ার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।