সামিনার নতুন তিন অ্যালবাম
সংগীতশিল্পী সামিনা চৌধুরীর সর্বশেষ একক অ্যালবাম ‘তোমার খোলা হাওয়া’ প্রকাশিত হয়েছিল বেশ কয়েক বছর আগে। এবারে একসঙ্গে তিনটি একক গানের অ্যালবামের কাজ শুরু করেছেন সামিনা। এর মধ্যে একটি একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম আর অন্য দুটি অ্যালবাম আধুনিক গানের। অ্যালবাম প্রসঙ্গে সামিনা বলেন, ‘আধুনিক গানের দুটি অ্যালবামের মধ্যে একটির কাজ প্রায় পুরোপুরি শেষ হয়েছে। এতে মোট গান থাকবে আটটি। পুষ্পবৃষ্টি নামের অ্যালবামটির সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার ও ইবরার টিপু। আবদুল বারীর কথায় পুষ্পবৃষ্টি অ্যালবামের সবগুলো গানই পুরোনো ধাঁচের। আমার বিশ্বাস গানগুলো শুনে সবার বেশ ভালো লাগবে। আধুনিক গানের দ্বিতীয় অ্যালবামটির গান বাছাইয়ের কাজও শেষ হয়েছে। এটিতে পঞ্চম ছাড়াও আর দু-একজন সংগীত পরিচালকের কাজ করার সম্ভাবনা রয়েছে।’ ঠিক কবে নাগাদ অ্যালবামগুলো শ্রোতাদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে? এমন প্রশ্নের জবাবে সামিনা বলেন, ‘সবগুলো গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হলেই সুবিধাজনক একটা সময়ে অ্যালবামগুলো প্রকাশের কথা ভাবছি। সত্যি বলতে অডিও বাজারের যে দুরবস্থা, তাতে অ্যালবাম করার আগ্রহ কিংবা ইচ্ছে হয় না। তারপরও শ্রোতাদের প্রতি ভালোবাসা থেকেই নতুন অ্যালবামগুলোর কাজ শুরু করেছি।’ বর্তমানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে সামিনা চৌধুরী অভিনীত একটি বিজ্ঞাপনচিত্র। এটি তাঁর প্রথম কোনো টিভি বিজ্ঞাপনচিত্র। বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে সামিনা বলেন, ‘বিজ্ঞাপনচিত্রে প্রথম কাজ করার প্রস্তাব পেয়েছিলাম ২৭ বছর আগে। তখন নানা কারণে করা হয়নি। অনেক বছর পর বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে ভালোই লেগেছে। কারণ, বিজ্ঞাপনচিত্রটির ভাবনা ছিল আমাকে আর আমার গান নিয়ে। বিজ্ঞাপনচিত্রটি প্রচারের পর অনেকে আমাকে ফোন করে প্রশংসা করেছেন। ভালোই লাগছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনো টেলিভিশনে বিজ্ঞাপনচিত্রটি দেখা হয়নি আমার।’