সামিহার ‘ম্যাজিকম্যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ম্যাজিকম্যান’ নামের একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ সামিহা। এটি সামিহা অভিনীত দ্বিতীয় নাটক। ‘ম্যাজিকম্যান’ নাটকটির পরিচালক রেজানুর রহমান। পরিচালক সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর রাজধানীর কয়েকটি স্থানে নাটকটির শুটিং শুরু হবে। ‘ম্যাজিকম্যান’ নাটকে সামিহা অভিনয় করবেন সজলের বিপরীতে।নাটকের চরিত্র প্রসঙ্গে সামিহা বলেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে বিয়ে করতে আগ্রহী এক ৬০ বছর বয়সী বৃদ্ধ। তরুণীটি আবার ভালোবাসে তারই এক চাচাতো ভাইকে। এর পরও প্রভাব-প্রতিপত্তির কারণে ওই ব্যবসায়ীর সঙ্গে তরুণীটির একটি অসম সম্পর্কের বন্ধন তৈরি হয়। নামহীন এক সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। এটা কি ভালোবাসা, নাকি অন্যকিছু—দুজনের কেউই বুঝতে পারে না। নাটকের শেষে ঘটে ম্যাজিকের মতোই এক ঘটনা। গল্প মোড় নেয় ভিন্ন দিকে।নাটকটি সম্পর্কে সামিহা বলেন, ‘ম্যাজিকম্যান’ নাটকের কাহিনি শুনে ভালো লেগেছে। এটি আমার দ্বিতীয় নাটক। চেষ্টা করব ভালোভাবে কাজটি করার।’ ‘ম্যাজিকম্যান’ নাটকের শুটিংয়ের আগে আজ বুধবার থেকে ঢাকার অদূরে ‘বোধন’ নামের একটি নাটকের শুটিং শুরু করেছেন সামিহা। এটি সামিহা অভিনীত প্রথম নাটক। আর প্রথম নাটকের শুটিং করতে পেরে দারুণ খুশি তিনি। বললেন, যে স্বপ্ন নিয়ে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্লাটফর্ম বেছে নিয়েছিলাম, তা ক্রমশ পূরণ হতে যাচ্ছে। স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি ভেবে ভালোই লাগছে।’