সামিয়ার নাটকে অভিষেক
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ বিজয়ী হওয়ার পর প্রথম আলোর কাছে সামিয়া সাঈদ নাটকে অভিনয়ের ব্যাপারে তাঁর আগ্রহের কথা জানিয়েছিলেন। এবার তা বাস্তবে পরিণত হলো। নাটকে অভিষেক হলো সামিয়ার। আলভী আহমেদের পরিচালনায় ইনক্রিমেন্ট নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির শুটিং হলো গুলশানের নিকেতনে। সামিয়া বলেন, ‘একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নানা ঘটনা নিয়ে ইনক্রিমেন্ট নাটকের গল্প। এখানে আমার চরিত্রের নাম যূথী। সহজ-সরল মেয়েটি পরিস্থিতির চাপে কৌশলী হয়ে যায়।’সামিয়া আরও বললেন, ‘এবারই প্রথম টিভি নাটকে অভিনয় করেছি। আর তা দেখানো হবে ঈদে। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।’তিনি জানালেন, এবার ঈদে আরও একাধিক নাটকে অভিনয়ের সম্ভাবনা রয়েছে তাঁর। শিগগিরই ৫২ পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন। ইনক্রিমেন্ট নাটকটি লিখেছেন শাহাদাৎ হোসেন। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা ইভা ও তানিয়া। নাটকটি ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে।