
জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গত মঙ্গলবার শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব। এ উৎসবের প্রতিপাদ্য ‘ঐক্য গড় বাংলাদেশ/সাম্প্রদায়িকতা হবে শেষ’। মঙ্গলবার বিকেলে আট দিনের এ উৎসবের উদ্বোধন করেন সাংবাদিক-সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরী।
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা। গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপস্থিত সবাই জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর সমবেত কণ্ঠে গীত হয় ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি’। অনুষ্ঠানে নৃত্যালেখ্য ‘শাশ্বত বাংলা’ পরিবেশন করে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার। কবিতা পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।
জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাসান আরিফ। হাসান আরিফ জানান, এই বিজয় উত্সবে অংশ নেবে প্রায় তিন শতাধিক সাংস্কৃতিক সংগঠন। শহীদ মিনারসহ রাজধানীর নয়টি মঞ্চে বিজয় উৎসবের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সংগীত পরিবেশন করে ভিন্নধারা, ঋষিজ শিল্পীগোষ্ঠী, ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি, ছায়ানট। দলীয় আবৃত্তি পরিবেশন করে প্রকাশ, কণ্ঠশীলন। পথনাটকে ছিল ‘নাট্যযোদ্ধা’।
রবীন্দ্র সরোবরে কবি রফিক আজাদ মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে সুরধ্বনি, ক্রান্তি শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তি শোনায় শামসুদ্দোহা, সুপ্রভা সেবতি, জালাল উদ্দীন। দলীয় নৃত্য পরিবেশন করে ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। ছিল লোক নাট্যদলের (টিএসসি) পথনাটক। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে বহ্নিশিখা, কৃষ্টি চর্চাকেন্দ্র সমবেত গান পরিবেশন করে।
এ ছাড়া গতকাল দনিয়া মঞ্চ, মিরপুরের খোন্দকার নুরুল আলম মঞ্চেও এ উৎসব অনুষ্ঠিত হয়।