
বর্ণিল সাম্বা নাচের তালে দুলছে এখন পুরো ব্রাজিল। দেশটির রিও ডি জেনিরোতে বসেছিল ‘রিও কার্নিভাল ২০১৫’। এ মহোৎসব শুরু হয় ১৩ ফেব্রুয়ারি। পাঁচ দিনের উৎসব শেষে গত মঙ্গলবার কার্নিভালে বাজে বিদায়ের সুর। তবে এ সুরও ছিল দারুণ মধুর। কারণ, উৎসবের শেষটা হয় কাঙ্ক্ষিত বৃষ্টির মধ্য দিয়ে, অনেক দিন ধরে যে বৃষ্টির অপেক্ষায় ছিল ব্রাজিলবাসী।
ব্রাজিলের ‘রিও কার্নিভাল’ বিশ্বের সবচেয়ে রঙিন আর জনবহুল শোভাযাত্রার একটি। গান, নাচ আর রঙের ছটায় এ উৎসব পুরো ব্রাজিলকে বিশ্বের সামনে তুলে ধরে ভিন্ন রূপে। বলা হয়ে থাকে, প্রতিবছর ব্রাজিলের রাজস্ব আয়ের বড় একটা অংশ উঠে আসে এই রিও কার্নিভাল থেকে।
এবারের রিও কার্নিভালের সুর বেজেছে বর্ণবৈষম্যের বিরুদ্ধে। অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলার বিশাল এক প্রতিকৃতি নিয়ে প্যারেড করার মধ্য দিয়ে উৎসবের মূল ভাবনা তুলে ধরা হয় সবার সামনে। সেই সঙ্গে কার্নিভাল রঙিন করা সাম্বা নাচ তো তার চিরচেনা রূপ নিয়েই মাতিয়েছে উৎসবকে।
রিও কার্নিভালে প্রতিবছর অংশ নেয় ব্রাজিলের বিভিন্ন অংশ থেকে আসা একাধিক সাম্বা স্কুল। তারা উৎসবের দিনগুলোতে নাচ, গান ও অভিনয় পরিবেশন করতে করতে হেঁটে চলে রাস্তা দিয়ে। আর রাস্তার দুই পাশে দাঁড়ানো হাজার হাজার দর্শক তা উপভোগ করেন মুগ্ধ হয়ে। সাম্বা স্কুলের পাশাপাশি ব্রাজিলের বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীরাও এতে অংশ নেন।

রিও কার্নিভাল ২০১৫-এ এবার অংশ নিয়েছেন ১২টি সাম্বা স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী ও প্রশিক্ষক। মাত্র ৮২ মিনিট সময়ের মধ্যে প্রতিটি স্কুল তাদের পরিবেশনা উপস্থাপন করেছে ৭৩০ মিটার লম্বা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। তা ছাড়া রিও ডি জেনিরোর বাইরেও কিছু শহরে লেগেছিল উৎসবের আমেজ। তারাও ছোট-বড় পরিসরে আয়োজন করেছে প্যারেড কিংবা স্ট্রিট পার্টি, যেখানে নাচ-গানের পাশাপাশি স্থানীয় লোককাহিনিকেও আকর্ষণীয় পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়।
তবে দেশটিতে ভয়াবহ খরা চলছে বলে এ বছর বেশ কয়েকটি শহর কার্নিভাল আয়োজন বাতিল করেছে।
মূল কার্নিভালের শেষ দিন যখন বৃষ্টি এসে সাম্বার এই মহোৎসবকে ভিজিয়ে দিয়ে গেল, তখন অনেকের চোখে বৃষ্টিকণার পাশাপাশি স্বস্তির অশ্রুও মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এএফপি ও ডেইলি মেইল