সাম্য-সম্প্রীতির আহ্বানে শুরু গণসংগীত উৎসব
‘গণসংগীতের অঙ্গীকার—সাম্য সম্প্রীতির বাংলাদেশ’ স্লোগান নিয়ে ঢাকায় শুরু হয়েছে তৃতীয় জাতীয় গণসংগীত উৎসব। আজ মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমির মাঠে চার দিনের এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের ৪০টি সংগীত দলের প্রায় ৮০০ শিল্পী এ উৎসবে অংশ নিচ্ছেন। প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে। উৎসব চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ শিল্পীর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুক্তিযুদ্ধের শহীদ এবং করোনাকালে প্রয়াত শিল্পী ও বিশিষ্টজনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও গণসংগীত ব্যক্তিত্ব সাধন ঘোষ। বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গেলাম কুদ্দুছ ও সদস্যসচিব শিল্পী ফকির সিরাজুল ইসলাম, সভাপতিত্ব করেন গণসংগীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমান। সঞ্চালনা করেন উৎসবের সমন্বয়কারী মানজার চৌধুরী।
বক্তারা বলেন, গণসংগীত গণমানুষের জীবনের সংগীত। মানবিক মূল্যবোধ, সাম্য, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে গণসংগীত চিরকাল মানুষকে উজ্জীবিত করে আসছে। মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গণসংগীত এ দেশের মানুষকে দারুণভাবে উজ্জীবিত করেছিল। নানা কারণে অধুনা গণসংগীতের ধারাটি কিছুটা ম্রিয়মাণ হয়ে পড়েছে। একে আবার উচ্চকিত করে তোলার লক্ষ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
সংগীত পর্ব শুরু হয়েছিল ঋষিজ শিল্পীগোষ্ঠীর দলীয় পরিবেশনা দিয়ে। ফকির সিরাজুল ইসলামের নেতৃত্বে ও সমর বড়ুয়ার সংগীত পরিচালনায় তারা গেয়ে শোনায় ‘মুজিব আমার স্বপ্ন সাহস’, ‘মানুষের মাঝে বসবাস করি’ ও ‘ভয় নাই কোনো ভয়/ জয় বাংলার জয়’। পরে চট্টগ্রামের অভ্যুদয়ের শিল্পীরা শ্রেয়সী রায়ের নেতৃত্বে পরিবেশন করেন অজিত রায়ের সুর করা কবিতার গান ‘হে মহামানব’ ও ‘স্বাধীনতা তুমি’। প্রথম দিনে আরও ছিল পটুয়াখালীর সুন্দরমের পরিবেশনায় শ্রমজীবী মানুষের গান। ঢাকার উদীচী পরিবেশন করে সাম্রাজ্যবাদবিরোধী গান, আওয়ামী শিল্পীগোষ্ঠীর ছিল বঙ্গবন্ধুকে নিবেদিত গান, আনন্দন পরিবেশন করে বর্ণবাদবিরোধী গান এবং সমস্বর পরিবেশন করে শেখ লুৎফর রহমানের গান। সমবেত নৃত্য পরিবেশন করে স্পন্দন। এ ছাড়া ছিল একক শিল্পীদের গান। প্রতিদিন বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হবে।