একজন কবিকে মূল্যায়ন করা সহজ কথা নয়। তা-ও যদি হয় প্রয়াণের পর, তা অপরাধবোধে ডুবিয়ে দেয় সহযোদ্ধাদের। সাযযাদ কাদিরের ক্ষেত্রেও সে রকম হওয়ার কথা। মৃত্যুর আগে ৪ এপ্রিল শেষবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘দুপুর থেকে জ্বর-জর্জরিত হয়ে জ্বরশয্যায় কবি লিখেছেন, “কমলালেবুর প্রতি যাওয়া ভালো।”’ গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল সদ্য প্রয়াত এ কবিকে নিয়ে স্মৃতিচারণা। তাঁকে নিয়ে কথা, তাঁর কবিতা আবৃত্তির মাধ্যমে কবিকে স্মরণের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। গল্প, উপন্যাস, নাটক, গবেষণাসহ লেখালেখির নানা ক্ষেত্রে কাজ করেছেন সাযযাদ কাদির। পেশায় ছিলেন সাংবাদিক।
প্রয়াত এ কবির বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে স্মৃতিচারণা করেন আবুল কাসেম ফজলুল হক, কবি নূহ-উল-আলম লেনিন, কাজী রোজী, আনোয়ারা সৈয়দ হক, শিহাব সরকার, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, আজিজুর রহমান, এম মোস্তাকুল হক, মুস্তাফা মজিদ, আহমাদ মাযহার প্রমুখ। পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত। তাঁদের বক্তব্যের মূল কথা ছিল, সাযযাদ কাদির ছিলেন একজন জীবন্ত এনসাইক্লোপিডিয়া। কিছু লিখতে বা জানতে গিয়ে আটকে গেলে, তাঁর শরণাপন্ন হলেই জানা যেত।’ সাযযাদ কাদির জাতীয় পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠক ও বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
এ আয়োজনের শুরু হয় আশরাফুল আলমের কণ্ঠে সাযযাদ কাদিরের ‘শূন্যতার বুকে’ আবৃত্তির মধ্য দিয়ে। ‘সন্ধ্যা মুখ’ পাঠ করেন লায়লা আফরোজ, ‘গান’ ও ‘শ্রাবণ ১৩৭৪’ কবিতা দুটি পাঠ করেন তামান্না সারোয়ার, সৈয়দ শহীদুল ইসলাম আবৃত্তি করেন ‘সময় নদী’। এ ছাড়া ছিল আরও বেশ কজনের আবৃত্তি।