সায়েন্স ফিকশন বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর বইয়ের মেলা শুরু হয়েছে শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে। মেলার দর্শনার্থীদের স্বাগত জানাবে বৈজ্ঞানিক কল্পকাহিনির চরিত্র ‘আয়রন ম্যান’, ‘রোবোকপ’সহ অনেকে। অতিথি হিসেবে এসেছে ভিনগ্রহের এলিয়েন ‘নিটি’। আর প্রধান অতিথি হিসেবে শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন বৈজ্ঞানিক কল্পকাহিনির জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘বিজ্ঞানকে মুখঢাকা অ্যাপ্রনপরা বৈজ্ঞানিক আর শীতাতপনিয়ন্ত্রিত ল্যাবরেটরিতে সীমাবদ্ধ রাখা চলবে না। একে ছড়িয়ে দিতে হবে, জনপ্রিয় করে তুলতে হবে। শুধু কম্পিউটার বিজ্ঞান কিংবা পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীরাই বিজ্ঞানচর্চা করবে, তা হতে পারে না। যে কৃষক হরি ধান উদ্ভাবন করলেন তিনিও বৈজ্ঞানিক, যে যুবকেরা নিজেদের উদ্ভাবিত যন্ত্র ব্যবহার করে শিশু জিহাদকে উদ্ধার করল তারাও বৈজ্ঞানিক।’
সকালেই মেলায় হাজির হয় হলিক্রস স্কুল ও কলেজের নবম শ্রেণির তিন শিক্ষার্থী নূসরাত, আলবিনা ও আনিকা। মেলা থেকে তারা সংগ্রহ করে বেশ কয়েকটি সায়েন্স ফিকশন বই। এ ছাড়া ছুটির দিন হওয়ায় দুই মেয়ে জাবিন ও জাফরিনকে নিয়ে মেলায় এসেছিলেন সরকারের অডিট বিভাগের কর্মকর্তা জাহিরুল ইসলাম। প্রিয় লেখকের বইতে অটোগ্রাফ নিতে পেরে দারুণ আনন্দিত তারা।
মেলার আয়োজক বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির এ উদ্যোগ নিয়ে সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ জানান, বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা, বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং বিজ্ঞান-বিনোদন প্রসারের লক্ষ্যেই এ উদ্যোগ।
বিশেষ অতিথি ছিলেন মোহিত কামাল। সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান। মেলা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।