সারদা কেলেঙ্কারির কাদায় এবার শতাব্দী রায়!

পশ্চিমবঙ্গের এযাবত্কালের সর্ববৃহত্ আর্থিক কেলেঙ্কারি সারদা-কাণ্ডে এবার বিশিষ্ট অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ শতাব্দী রায়ের নামও উঠে এসেছে। তিনি এবারও বীরভূম আসন থেকে তৃণমূলের সাংসদ হয়েছেন।
এতদিন সারদা কাণ্ড নিয়ে মুখ না খুললেও গতকাল মঙ্গলবার বীরভূম আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের সামনে সারদা কেলেঙ্কারির কিছু কথা তুলে ধরেন সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেন।
সুদীপ্ত সেন দাবি করেন, সাংসদ শতাব্দী রায়ও সুবিধা নিয়েছেন তাঁর সংস্থা থেকে। তাঁকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল। এজন্য তাঁকে মাসে দুই লাখ রুপি করে দেওয়া হয়েছিল। সুদীপ্ত রায় হাটে হাঁড়ি ভেঙে দেওয়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারির কয়েক কোটি রুপির প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সমন পেয়েছিলেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন। গত সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় অপর্ণার সঙ্গে ছিলেন তাঁর স্বামী কল্যাণ রায়।