সারা দিন ছবি দেখা, ছবি নিয়ে কর্মশালা
জমে উঠেছে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার ছিল এ উৎসবের তৃতীয় দিন। প্রথম দুই দিনের মতো আজও শিশু-কিশোরদের অংশগ্রহণে ভরে উঠেছে উৎসবের আঙিনা। ‘ফ্রেমে ফ্রেমে আগামী’ স্লোগানে এ উৎসবের আয়োজক চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ।
দিনের শুরুতেই উৎসব প্রাঙ্গণ জমে ওঠে শিশুদের পদচারণায়। ঢাকার পাশাপাশি রাজশাহী ও রংপুরের ৫টি ভেন্যুতে চলমান উৎসবে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ছোটদের ছবি দেখার সঙ্গে খুদে নির্মাতাদের বিকাশে কর্মশালাসহ নানামুখী আনুষ্ঠানিকতা যুক্ত হয়েছে এ আয়োজনে। বৃহস্পতিবার উৎসবের তৃতীয় দিনে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কর্মশালা। এটি পরিচালনা করেন মেজবাহ রহমান সুমন। কর্মশালায় অংশগ্রহণ করেন খুদে নির্মাতারা।
এ ছাড়া বেলা দেড়টা থেকে প্রদর্শিত হয় খুদে নির্মাতাদের পরিচালিত চলচ্চিত্রগুলো। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নিজেদের নির্মিত চলচ্চিত্র বিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে খুদে নির্মাতারা। শিশুদের জন্য বিনা দর্শনীতে উপভোগ্য এ উৎসবে কাল শুক্রবার প্রদর্শিত হবে অনেকগুলো চলচ্চিত্র।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হবে: ‘রেড লাইন’ (ইরান), ‘হেইডি অ্যাট দ্যা ফলেই আর্টিস্ট’ (সুইজারল্যান্ড), ‘মি অ্যাজ এ মাংকি’ (পর্তুগাল), ‘পাথস’ (পর্তুগাল), ‘অটাম লিভস’ (ইরান), ‘পিপো’ (ফিলিপিন), ‘দ্য সাইলেন্স’ (ইটালি), ‘দ্য বস’ (ইরাক), ‘অ্যামরফোয়াজ’ (ইরান), ‘ওয়ান ডে ইন জুলাই’ (ইটালি), ‘সেভিং দ্য সেভিয়ার’ (ভারত), ‘পথ’ (বাংলাদেশ) ও ‘শ্যাডোজ ইন টাউন’ (ইরান)। দুপুর ২টায় দেখানো হবে জার্মানির ছবি ‘অফলাইন-আর ইউ রেডি ফর দ্যা নেক্সট লেভেল’, পতুর্গালের ছবি ‘মাই লিটল হাউজ’, ফিলিপাইনের ছবি ‘পভার্টি’, পাকিস্তানের চলচ্চিত্র ‘জেনেসিস-মনসুন ফেদারস’ ও ইরানের ‘ফিশ’। এছাড়া বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টার সময়সূচিতে রয়েছে আরও কয়েকটি ছবির প্রদর্শনী। এদিন সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে দেখানো হবে মোরশেদুল ইসলাম নির্মিত ছবি ‘দীপু নাম্বার টু’।