সারা দেশে কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকীর কর্মসূচি শুরু
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপিত হচ্ছে এ বছর। সারা দেশে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিরা এসব অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন।নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুস্তাফা নূরউল ইসলাম বলেছেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ ছিলেন আমাদের সঙ্গে। তাঁর গান আমাদের উজ্জীবিত করেছে, প্রেরণা জুগিয়েছে লড়াইয়ে।’ কবির সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয়ে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন ও রবীন্দ্রনাথের আবক্ষ ভাস্কর্য উন্মোচনকালে তিনি এ কথা বলেন। রথীন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রফিউর রাব্বি ও ভবানী শংকর রায়।এ উপলক্ষে সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়ে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ হাইস্কুলে গিয়ে শেষ হয়। ১৯২৬ সালের ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ হাইস্কুলে কবিকে সংবর্ধনা দেওয়া হয়। ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ বাণী নিয়ে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সব মানুষ ও সংগঠনের সমন্বয়ে ‘নারায়ণগঞ্জ সার্ধশততম রবীন্দ্রজয়ন্তী পরিষদ’ গঠন করা হয়েছে। এই পরিষদ বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এতে রয়েছে আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তি ও মেলা।নীলফামারী প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার থেকে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিল্লুর রহমান। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে কবিতা আবৃত্তি, অভিনয়, রচনা লিখন, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী।পঞ্চগড় প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার থেকে পঞ্চগড় সরকারি মিলনায়তনে শুরু হয়েছে চার দিনের অনুষ্ঠানমালা।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী দিনে ‘রবীন্দ্র কাব্যে প্রেম ও প্রকৃতি’ বিষয়ে আরিফুল ইসলাম এবং ‘রবীন্দ্রনাথের উপন্যাসে সমাজ ও রাজনীতি’ বিষয়ে মনিশংকর দাশগুপ্ত আলোচনা করেন। পরে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃতি ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘রবীন্দ্রনাথ ও বাংলা নাটক’ বিষয়ে আবদুর রহিম, ‘শিশু ভুবনের রবীন্দ্রনাথ’ বিষয়ে আহসান হাবীব এবং ‘রবীন্দ্রসংগীত বিষয় ও ভাববৈচিত্র্য’ বিষয়ে আকতারুজ্জামান আলোচনা করেন। সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম।চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, রচনা, শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা, আলোচনা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।