সারা দেশে নজরুলজয়ন্তী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, বাংলাদেশে নজরুলের স্মৃতি বিজড়িত স্থান কুমিল্লা। কুমিল্লা এবং নজরুল এক সূত্রে গাথা। এখানে কবির প্রেম, বিয়ে, কাব্য রচনা, দুই দফা গ্রেপ্তারসহ তারুণ্যের ১১ মাস সময় কেটেছে। তার পরও অবহেলিত রয়ে গেছে কুমিল্লা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় পর্যায়ের নজরুলজয়ন্তী উৎসব করতে হবে। গতকাল বুধবার কুমিল্লায় আয়োজিত তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকী উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা ওই অভিমত ব্যক্ত করেন। পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল কুমিল্লার বিভিন্ন সংগঠন কবির ১১২তম জন্মবার্ষিকী পালন করে। সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানের বাসগৃহ রানীর কুঠিরের সামনে সাংস্কৃতিক সংগঠন ‘সংলাপ’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে কুমিল্লা সাংস্কৃতিক জোট চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে।জেলা প্রশাসন শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করে। শিল্পকলা একাডেমীতে শিল্পীরা নজরুলের গান, কবিতা, ছড়া ও নৃত্য পরিবেশন করেন। ফরিদপুর অফিস জানায়, গতকাল ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীতের আয়োজন করে। ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা এ উপলক্ষে বিকেলে প্রথম আলোর ফরিদপুর কার্যালয়ে আলোচনা সভা, গান ও কবিতা আবৃত্তির আয়োজন করে। তমদ্দুন মজলিস স্থানীয় মুসলিম মিশন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল স্মৃতি বিজড়িত চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় দুই দিনব্যাপী নজরুল উৎসব বুধবার শেষ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী শিল্পীরা কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন। মৌলভীবাজার প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় সাইফুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ।নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জয়ন্তীতে বগুড়ায় ‘আমরা শিল্পী গোষ্ঠী’র আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘চেতনায় নজরুল’ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বগুড়া জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের সাংস্কৃতিক মেলা।