সারা দেশে সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শিশুদের সমবেত পরিবেশনা। ছবি: প্রথম আলো
সাভারে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শিশুদের সমবেত পরিবেশনা। ছবি: প্রথম আলো

গানটি খুব পরিচিত। রবিঠাকুরের। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ নেপথ্য থেকে বেজে ওঠা গানের সঙ্গে নাচল লাল পাড়ের সাদা শাড়ি পরা নানা বয়সের আট শিশু। তাদের অপূর্ব মঙ্গলনৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে গতকাল শুক্রবার বিকেলে সাভার কলেজ প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক উৎসব।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ স্লোগানে দেশের প্রতিটি জেলায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিটি জেলার জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় দেশের প্রতি জেলায় অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। ঢাকার সাভার, কেরানীগঞ্জসহ দেশের ৬৪টি জেলায় একযোগে শুরু হয়েছে দুই দিনের সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে অংশ নিয়ে সংস্কৃতির আলোয় আলোকিত হয়ে জঙ্গিবাদ ও অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তরুণ প্রজন্মসহ সব শ্রেণি ও পেশার মানুষ।

সাভার কলেজ প্রাঙ্গণে ঢাকা জেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১৯-এর সংসদ সদস্য মো. এনামুর রহমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান, সাভার কলেজের অধ্যক্ষ ইলিয়াস খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

প্রধান অতিথির বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো
প্রধান অতিথির বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রথম আলো

জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করা হয়। আকাশে উড়ানো হয় শান্তির বার্তাবাহী পায়রা। উৎসবে সাংস্কৃতিক আয়োজনের স্বাগত নৃত্যের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘আয়রে কিষানি আয়’ গানটি। বাংলাদেশ শিশু একাডেমীর শিল্পীরা ‘পলাশঢাকা কোকিল ডাকা’ গানের সঙ্গে পরিবেশন করে সমবেত নৃত্য। এরপর শিশু শিল্পী জেমিমা মান্নান মিয়েল গেয়ে শোনায় ‘তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না’ গানটি। পর্যায়ক্রমে ছিল স্থানীয় এবং জাতীয় পর্যায়ের শিল্পীদের নানা পরিবেশনা। আর এসব অনুষ্ঠান চলার সময় সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নির্মিত বিভিন্ন ভিডিও তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে।

শুক্রবার বিকেলে সাভার কলেজে আয়োজিত উৎসবে উৎসুক দর্শকের দারুণ উপস্থিতি ছিল। এ বিষয়কে উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘উৎসবকে ঘিরে মানুষের যে জোয়ার দেখছি, তাতে এটাই প্রমাণ করে, আমরা কোনো কিছুতেই হার মানতে রাজি নই। বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তার বাস্তবায়নে নিয়ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো দেশের সঙ্গে মহাশূন্যে ঘুরছে বাংলাদেশের উপগ্রহ। উন্নয়নে মহাসড়কে দ্রুত এগিয়ে চলেছি আমরা। আমাদের মেয়েরা ক্রিকেটে সেরা দল হওয়ার গৌরব অর্জন করেছে।’

সাংস্কৃতিক চর্চাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘তৃণমূলে লুকিয়ে আছে অনেক প্রতিভা, অনেক সম্ভাবনা। এ উৎসব তাদের সুযোগের ক্ষেত্র তৈরি করে দেবে। আমরা বাঙালির চেতনা ও মূল্যবোধের সমাজ গড়তে চাই। যেখানে জঙ্গিবাদ, অন্ধকারের শক্তি, মানুষ পুড়িয়ে মারার ধ্বংসাত্মক রাজনীতি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

ছিল নানা বয়সী শিল্পীদের সমবেত সংগীত। ছবি: প্রথম আলো
ছিল নানা বয়সী শিল্পীদের সমবেত সংগীত। ছবি: প্রথম আলো

বক্তৃতায় ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবুল কালামের একটি উক্তি স্মরণ করেন তরুণ দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘যে স্বপ্ন তুমি ঘুমিয়ে দেখো, সেটা সত্যিকারের স্বপ্ন নয়। যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না, সেটাই আসল স্বপ্ন।’

ঢাকা জেলার শিল্পকলা একাডেমি সাভারে নির্মাণের দাবি তোলেন সাংসদ মো. এনামুর রহমান। তিনি বলেন, ‘সংস্কৃতির এক বিশাল শক্তি আছে। সেই শক্তিকে আমরা আরও দৃঢ়ভাবে ধারণ করতে চাই।’

জানা গেছে, জেলায় জেলায় স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিকেরা অংশ নিচ্ছেন দুই দিনের এ উৎসবে। দেশব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লিগীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারি, সারি, মুর্শিদি গান হচ্ছে। এ ছাড়া স্থানীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এবং ফুটিয়ে তোলে—এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে উৎসবে প্রাধান্য দিয়ে পরিবেশন করা হচ্ছে। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ, দেশাত্মবোধক, লোকগানসহ স্থানীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্বকারী বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে উৎসবে।