জহির রায়হানের স্টপ জেনোসাইড, মোরশেদুল ইসলামের আগামী, তারেক মাসুদের আদম সুরতসহ ৮৪টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র নিয়ে শুরু হচ্ছে উৎসব। দেশের ৬৪টি জেলার শিল্পকলা একাডেমিতে দেখানো হবে ছবিগুলো। জ্যেষ্ঠ ও তরুণ নির্মাতাদের বানানো স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র নিয়ে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৬’।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আগামী রোববার সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী উৎসবটির উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবের শেষ দিন শনিবার শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নির্মাতা ও বিশেষ জুরি বিভাগে দেওয়া হবে পুরস্কার। উৎসবে অংশ নেওয়া শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য এক লাখ করে দুজনকে এবং শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে দুজনকে ৫০ হাজার করে টাকা পুরস্কার দেওয়া হবে। অংশগ্রহণকারী ব্যক্তিদের জন্য থাকবে ক্রেস্ট ও সনদ।
উৎসবের জন্য বিভিন্ন বিভাগে জমা পড়েছিল গত পাঁচ বছরে নির্মিত ১৩৩টি ছবি। বাছাই করে ৩৫টি স্বল্পদৈর্ঘ্য ও ২৯টি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। বিভিন্ন সময়ে নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ১১টি প্রামাণ্য ও ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ সালাউদ্দিন জাকী, সালাউদ্দিন আহমেদ, আনোয়ার চৌধুরী, বেলায়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।