সারা দেশে হবে প্যান্টোমাইম স্কুলের শাখা
প্যান্টোমাইম স্কুলের উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে তিন মাসের উন্মুক্ত মূকাভিনয় কর্মশালা। সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে ১ জানুয়ারি শুরু হওয়া কর্মশালা চলবে মার্চ পর্যন্ত। গত ২৯ ডিসেম্বর এর উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সভাপতিত্ব করেন সুনীল ধর। উপস্থিত ছিলেন সোহান গ্রুপের প্রধান খবির উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে লিয়াকত আলী বলেন, শিল্পকলা একাডেমিভুক্ত ঢাকার এক শ স্কুলে মূকাভিনয় শেখানোর উদ্যোগ নেবেন তাঁরা। অনুষ্ঠানে মূকাভিনয়শিল্পকে পৃষ্ঠপোষকতা দেওয়ায় সম্মাননা জানানো হয় শংকর সাওজাল, আহমেদ ইকবাল হায়দার এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হককে।
মূকাভিনয়শিল্পের বিকাশে ২১ বছর ধরে উন্মুক্ত কর্মশালা করিয়ে আসছে প্যান্টোমাইম স্কুল। এর প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা দেবাংশু হোর বলেন, চলমান কর্মশালা শেষে সারা দেশে স্কুলটির শাখা খোলা হবে। কর্মশালা থেকে প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিরা সেসব স্কুলে বিনা মূল্যে মূকাভিনয় শেখাবেন।