সারা দেশের স্কুলের ছাত্রছাত্রীরা শিখছে নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের স্কুলের ছাত্রছাত্রীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে ধারণা দিচ্ছে এবং নজরুলের গান শেখাচ্ছে নজরুলসংগীত শিল্পী পরিষদ। ১১ জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন। জানা গেছে, এ উপলক্ষে নেওয়া হয়েছে এই কার্যক্রম। সম্প্রতি ঢাকার স্কলাস্টিকা ও হলিক্রস স্কুলের ছাত্রছাত্রীদের গান শেখানোর মধ্য দিয়ে শুরু হয়েছে তা। জুন মাসের মধ্যেই ঢাকাসহ দেশের বেশির ভাগ মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুলে এই কার্যক্রম চলবে। বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদের সভাপতি ফেরদৌসী রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গে মিলে সারা দেশে এই কাজটি করছি। স্কুলপর্যায়ের ছেলেমেয়েদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে ধারণা দিচ্ছি। নজরুলের তো অসংখ্য গান, সেসব থেকে আমরা “চল চল চল” আর “ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি” গান দুটি বেছে নিয়েছি। এখান থেকে একটি গান তাদের শেখানো হচ্ছে। এর মধ্য দিয়ে নজরুলকে আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাই, নজরুলের এই দুটি গান যেন দেশের সব ছেলেমেয়ে গাইতে পারে।’তিনি জানান, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদের সদস্যরা এরই মধ্যে দেশের বিভিন্ন জেলার স্কুলগুলোতে যাওয়া শুরু করেছেন। জুন মাসের মধ্যে যে কটি স্কুলে এই কার্যক্রম সম্পন্ন হবে, তাদের নিয়ে ঢাকায় জাম্বুরির আয়োজন করা হবে। এখানে প্রতিযোগিতা হবে। সেরা স্কুলকে দেওয়া হবে পুরস্কার। ফেরদৌসী রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পুরো কার্যক্রমটি যথেষ্ট ব্যয়সাপেক্ষ ব্যাপার। যদি পৃষ্ঠপোষক পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’