সারা বছর একাধিক নাট্যোৎসব
সাধারণত দেখা যায়, শীতকালে একাধিক নাট্যোৎসবে ঢাকার মঞ্চ জমজমাট থাকে। কিন্তু বছরজুড়ে নাট্যোৎসব লেগেই ছিল। বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ আয়োজন করে হ্যারল্ড পিন্টারের হোমকামিং নাটকটি। গত ৬ থেকে ১১ জানুয়ারি নাটমণ্ডলে এ উৎসব হয়। লোকনাট্যের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা সমিতি মঞ্চে ১৩ থেকে ১৬ জানুয়ারি নাট্যোৎসবের আয়োজন করে। ওদিকে প্রয়াত নাট্যজন সেলিম আল দীনের স্মরণোৎসব হিসেবে ঢাকা থিয়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ শিল্পকলা একাডেমীতে ১৪ ও ১৫ জানুয়ারি দুই দিন নাটক প্রদর্শন করে। ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সাত্ত্বিক নাট্যসম্প্রদায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যোৎসবের আয়োজন করে। পদাতিক নাট্যসংসদ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের আয়োজন করে ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত। ১৫ থেকে ২১ এপ্রিল আইটিআই বাংলাদেশ কেন্দ্র আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করে নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে। উৎসবে একাধিক দেশের নাটক প্রদর্শিত হয়। এদিকে ঢাকা পদাতিক আন্তর্জাতিক নাট্যোৎসব করে নাট্যশালার মূল মিলনায়তনে। উৎসব চলে ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত। প্রাচ্যনাট উঠান নাট্যোৎসব করে স্টুডিও থিয়েটার হলে মার্চের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত। ফরাসি নাট্যোৎসব হয় ১৫ থেকে ২১ মে পর্যন্ত। নাটুকে, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ফেম স্কুল অব ডান্স ড্রামা আয়োজিত উৎসব অনুষ্ঠিত হয় জাতীয় নাট্যশালায়। সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধের নাট্যোৎসব ২০১০ অনুষ্ঠিত হয় ৯ থেকে ১৪ জুলাই জাতীয় নাট্যশালার মূল ও পরীক্ষণ থিয়েটার হলে। উৎসবের আয়োজন করে থিয়েটার আর্ট ইউনিট। ২১ থেকে ২৩ জুলাই তিন দিনের নাট্যোৎসব করে নাট্যলয়। ১৩ থেকে ১৮ আগস্ট ছয় দিনব্যাপী নাটমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ নাট্যোৎসব করে। এখানে এশিয়া, ইউরোপ, আমেরিকার বিখ্যাত সব নাট্যকারের নাটক স্থান পায়। থিয়েটার আরামবাগ জাতীয় নাট্যশালার মূল মঞ্চ ও পরীক্ষণ থিয়েটার হলে ২৩ থেকে ২৯ অক্টোবর সাত দিনের নাট্যোৎসব আয়োজন করে। উৎসবে ঢাকা ও কলকাতার নাটকের দল নাটক পরিবেশন করে। এ ছাড়া এ বছর আরও দু-একটি ছোট-বড় দল নাট্যোৎসবের আয়োজন করে।