সারা বছর পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দলের নিয়মিত আয়োজন ছিল তরুণ নাট্যশিল্পী কিংবা নাট্যজনদের জন্য স্মৃতি পদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। বছরের শুরুতে মার্চ মাসে ঢাকা পদাতিক আবুল কাসেম দুলাল স্মৃতি পদক ও কাজী জাকির হোসেন স্মৃতি পদক দেয়। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এই পদক দেওয়া হয় ৮ মার্চ। এবার আবুল কাসেম দুলাল স্মৃতি পদক পেয়েছেন নাট্যজন পীযূষ বন্দ্যোপ্যাধায় আর কাজী জাকির হোসেন স্মৃতি পদক পেয়েছেন ঝুনা চৌধুরী। উভয়কেই স্মৃতি পদকের সঙ্গে ১০ হাজার করে টাকা দেওয়া হয়। এর আগে নাট্যসংগঠক প্রয়াত আরজুর স্মরণে নাট্যজনের নামে পদক দেওয়া হলেও তিন বছর ধরে সুবচন নাট্যসংসদ আরজুর নামে সংগঠনকে পদক দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আরজু স্মৃতি পদক ২০১০ দেওয়া হয় চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠীকে। ২৬ জুন পরীক্ষণ থিয়েটার হলে এই পদক দেওয়া হয়। দলটিকে ক্রেস্টের সঙ্গে ২৫ হাজার টাকার চেকও দেওয়া হয়। এর আগে গত দুই বছর এই স্মৃতি পদক পেয়েছে বরিশাল শব্দাবলী ও মণিপুরি থিয়েটার। তরুণ সৃজনশীল নাট্যকর্মীদের উৎসাহিত করার জন্য থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত এস এম সোলায়মান স্মৃতি পদক দিয়ে আসছে। এবার ২০০৯ ও ২০১০ সালের জন্য এই পদক একসঙ্গে ঘোষণা করা হয়েছে। ২০০৯ সালের জন্য এই পদক পেয়েছেন সেন্টার ফর এশিয়ান থিয়েটারের প্রতিভাবান নাট্যকর্মী সাহাদৎ হোসেন। আর ২০১০ সালের জন্য পেয়েছেন উদীচীর নাট্যকর্মী আনোয়ারুল হক। পরীক্ষণ থিয়েটার হলে এ বছরের ৮ অক্টোবর এই পদক দেওয়া হয়। পদক হিসেবে দুজনকে একটি করে ক্রেস্ট ও ১০ হাজার করে টাকা দেওয়া হয়।থিয়েটার প্রবর্তিত অধ্যাপক মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক দেওয়া হয় ২৭ নভেম্বর। এবার মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন অধ্যাপক আবদুস সেলিম আর মোহাম্মদ জাকারিয়া পদক পান অসীম দাস। পরীক্ষণ থিয়েটার হলে আবদুস সেলিমের হাতে পদক ও ২৫ হাজার টাকা এবং অসীম দাসের হাতে পদক ও ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। এদিকে নাটকের ওপর ফেলোশিপ দিয়েছে বাংলা একাডেমী। ২৪ ডিসেম্বর বাংলা একাডেমীর সাধারণ সভায় রামেন্দু মজুমদার ও আতিকুল হক চৌধুরীকে এই ফেলোশিপ দেওয়া হয়।