সারা রাত শুধু গান আর গান
এবারও ঈদে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে ঈদ বিনোদনের লম্বা সময়ের অনেকটাই দখল করে ছিল সংগীতনির্ভর সরাসরি অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে প্রথম প্রহরে। আর তা চলেছে প্রায় ভোররাত পর্যন্ত। আগে গ্রামে বিভিন্ন উৎসবে রাতভর পালাগান কিংবা যাত্রাপালার আয়োজন করা হতো। গ্রামের সবার জন্য তা ছিল বিনোদন। নাগরিক জীবনে সেই সংস্কৃতি এখন বিলুপ্তপ্রায়। কিন্তু ঈদ উপলক্ষে চ্যানেলগুলোর এই রাতভর গানের আয়োজন গ্রামীণ জীবনের সেই স্মৃতি মনে করিয়ে দেয়। ঈদের দিন রাতে দেশ টিভির কল-এর গান অনুষ্ঠানে দুই বাংলার বাউল গানের আসর বারবার ফিরিয়ে নিয়ে গেছে পুরোনো সেই দিনগুলোতে। পণ্ডিত তন্ময় বোসের নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বাউলেরা ছিলেন এই আসরের শিল্পী। তাঁদের গানের বিষয় ছিল গুরু-শিষ্য। গানের মধ্য দিয়েই তাঁরা প্রশ্ন তুলেছেন, আবার গানে গানেই তার জবাব পাওয়া গেছে। বাউলদের মধ্যে ছিলেন আব্দুর রব ফকির, শফি মণ্ডল, অর্জুন ক্ষ্যাপা, কাঙালিনী সুফিয়া, বাবু ফকির, নূর আলম খানসহ আরও অনেকে। তাঁদের সঙ্গে ছিলেন আনুশেহ আনাদিল।সরাসরি গানের অনুষ্ঠানে এবার সবচেয়ে বেশি দেখা গেছে ন্যান্সিকে। ঈদের দিন রাতে তিনি গান করেছেন বৈশাখী আর তৃতীয় দিন দিগন্ত টিভিতে। দুটি অনুষ্ঠানেই ন্যান্সি ছিলেন একক শিল্পী। চতুর্থ দিন একটু অবাকই হতে হয়েছে। নয়টা ১০ মিনিটে মোহনা টিভির অনুষ্ঠানে শিল্পী দুজন—ন্যান্সি আর প্রীতম, রাত সাড়ে ১১টায় আরটিভিতে হায়দার হোসেন আর ন্যান্সি এবং রাত সাড়ে তিনটায় চ্যানেল আইয়ে ন্যান্সি আর আরফিন রুমি। পোশাক বদল করার কোনো সময় নেই। দেখে মনে হয়েছে, একটি অনুষ্ঠান শেষ করেই তাঁকে ছুটতে হয়েছে অন্য টিভি স্টেশনে। এটাই হয়তো জনপ্রিয়তার বিড়ম্বনা। বারবার একই গান করতে হচ্ছে, কিন্তু এত ছুটোছুটিতেও এতটুকু ক্লান্তি নেই। চ্যানেল আই কোনো সরাসরি গানের অনুষ্ঠান করবে—ঈদের অনুষ্ঠানসূচি দেখে তা একেবারেই জানা যায়নি। রাত সোয়া দুইটার দিকে বিজ্ঞাপনের সময় চ্যানেল পরিবর্তন করতে গিয়ে একটু অবাকই হতে হলো। রানী গানে গানে নামে সরাসরি গানের অনুষ্ঠান দেখানো হচ্ছে এখানে। শিল্পী মমতাজ। এটি চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান। প্রতি রোববার বিকেলে তা দেখানো হয়। কিন্তু ঈদের সময় দেখানো হলো রাতে। অনুষ্ঠানের ফাঁকে উপস্থাপক নওশীন বারবার মনে করিয়ে দিলেন, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র আর ইউরোপের দর্শকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাতে এই অনুষ্ঠানটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আড্ডা আর গানে গানে মমতাজ মুগ্ধ করে রাখলেন ভোর পর্যন্ত। নিজের জীবনের নানা গল্প বলে গেলেন অকপটে। চ্যানেল আইয়ে এর পরের দিনগুলোতে গান করেছেন হায়দার ও রিজিয়া পারভীন, বাপ্পা ও ফাহমিদা নবী, ন্যান্সি ও আরফিন রুমি এবং এস আই টুটুল ও মিলা। পাঁচটি পাঁচ ধরনের গানের অনুষ্ঠান। তবে আলাদা করে বলতেই হবে, বাপ্পা আর ফাহমিদার আয়োজনটির কথা। এখানে পুরো অনুষ্ঠানে বাপ্পা শুধু একটি গিটার বাজিয়েছেন, সংগীতের আর কোনো যন্ত্র ওই দিন কারও গানের সঙ্গেই ব্যবহার করা হয়নি। এই ডিজিটাল প্রযুক্তির যুগে এমন অ্যাকুস্টিক শো কল্পনাও করা যায় না। দেশ টিভির কল-এর গান অনুষ্ঠানে এবার ভারতীয় শিল্পীদের দিকে একটু বেশি জোর দিতে দেখা গেছে। হয়তো দর্শকদের নতুন কোনো গানের স্বাদ দেওয়ার চেষ্টা থেকেই এমনটা করা হয়েছে। তাতে দেশি শিল্পী, দর্শক কিংবা সমালোচকদের আপত্তি থাকতেই পারে। আমাদের দেশের কোনো টিভি চ্যানেল ভারতে দেখানোর অনুমতির পেতে সরকারের উঁচুমহলের হস্তক্ষেপ চাইতে হয়, সেখানকার কোনো উৎসবে বাংলাদেশের শিল্পী গান করবেন—এটা ভাবাই যায় না। কিন্তু আমাদের বড় উৎসবে ভারতীয় শিল্পীরা গান করছেন। এখন টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠানও করছেন।ও কথা থাক, আমরা গানের মধ্যেই থাকতে চাই। শিল্পীদের আসা-যাওয়ার জন্য পাসপোর্ট-ভিসা লাগে, কিন্তু গান স্বাধীন—এর কোনো সীমানা নেই। দুই বাংলার বাউলদের পর দোহার আর চন্দ্রবিন্দুর কাছ থেকে দর্শকেরা পেয়েছে নতুন গানের স্বাদ।দেশ টিভির ঈদ অনুষ্ঠানমালার শেষ রাতে ছিল আরেক ভারতীয় শিল্পী শুভমিতার গান। তাঁর গান শুনে সেদিন দর্শকদের পাশাপাশি মুগ্ধ হয়েছিলেন এ দেশের শিল্পীরাও। গানের মাঝে তাঁকে শুভেচ্ছা জানাতে সেদিন ফোন করেছিলেন বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পী। তাঁদের নামের তালিকা বেশ লম্বা হবে, সেটা না হয় না-ই বা বললাম। এ দেশের গানের শ্রোতাদের কাছে শুভমিতা নামটি খুব পরিচিত। তাঁর অনেক গান শ্রোতাদের মুখস্থ। কিন্তু দুঃখের ব্যাপার—ওই রাতে যাঁরা শুভমিতাকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন, তাঁদের কারও সম্পর্কেই তিনি জানেন না। হয়তো তাঁদের গানও শোনেননি। কষ্ট পাওয়া ছাড়া এখানে আর কিছু করার নেই। দেশ টিভিতে আলাদা করে দুটি অনুষ্ঠানের কথা বলতেই হবে—একটি দুই বোন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর, আর অন্যটি সোলসের। তাদের গান শুনে মনে হয়েছে, ভারতীয় ওই শিল্পীদের সঙ্গে হয়তো একটা প্রতিযোগিতা কাজ করেছে সবার মধ্যে। যথেষ্ট প্রস্তুতি নিয়ে তাঁরা বসেছেন। আর তাই তো সাধারণ শ্রোতারা খুব ভালো মানের অনুষ্ঠান উপভোগ করেছে। শাকিলা জাফরও যথেষ্ট ভালো গেয়েছেন।আরটিভির নূরজাহান ফোনো লাইভ কনসার্ট শুরু হয় ঈদের পরদিন থেকে। টিভির অনুষ্ঠানসূচি অনুযায়ী শুরুতেই ছিল সুবীর নন্দীর গান। কিন্তু সেদিন গান করেছেন ফরিদা পারভীন। উপস্থাপনা করেন সুজিত মোস্তফা। সুবীর নন্দী গান করেছেন ষষ্ঠ দিন। তার আগের দিন ছিল এলআরবির পরিবেশনা। শেষ দুটি অনুষ্ঠান যে দর্শক বেশি উপভোগ করেছে, তা ফোনের পরিমাণ দেখে কিছুটা অনুমান করা যায়। আর আইয়ুব বাচ্চুর তো শুধু গান নয়, সঙ্গে ছিল গিটারের পরিবেশনাও। এলআরবিকে সেদিন শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন পার্থ বড়ুয়া। আইয়ুব বাচ্চু তাঁকে বললেন, ‘পার্থ তুই চলে আয়।’ এর কিছুক্ষণ পরই পার্থ স্বশরীরে এসে হাজির। এক আবেগঘন পরিবেশের তৈরি হয়েছিল তখন।বৈশাখী টিভিতে ঈদের তৃতীয় দিন সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে গান করেছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী। যাঁরা একটু শাস্ত্রীয় সংগীত পছন্দ করেন, তাঁদের জন্য অনুষ্ঠানটি ছিল বাড়তি পাওয়া। নিয়াজ মোহাম্মদ চৌধুরী যেমন গান করেন, এখানেও সেভাবেই পাওয়া গেল তাঁকে। উপস্থাপক ছিলেন নকিব খান। পঞ্চম দিন রাতের শিল্পী রিংকু আর বিউটি। নানা ধরনের গান দিয়ে তাঁরা দর্শকদের আনন্দ দিয়েছেন, তাতে এতটুকু সন্দেহ নেই। বৈশাখী টিভিতে ঈদের পরদিন এই অনুষ্ঠানের শিল্পী ছিলেন শাওন ও চঞ্চল চৌধুরী, আর উপস্থাপনা করেছেন আনিসুর রহমান মিলন। একেবারে অন্য স্বাদের গান শোনা গেল তাঁদের দুজনের কাছে। দর্শকদের পাশাপাশি তাঁদের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন শহীদুজ্জামান সেলিম, শমী কায়সার, তারিন, ঈশিতাসহ আরও অনেকে। বাংলাভিশন এবার শুধু একটি সরাসরি গানের অনুষ্ঠান প্রচার করেছে। ঈদের ষষ্ঠ দিন ওই অনুষ্ঠানের শিল্পী ছিলেন ন্যান্সি আর সালমা। ঈদের চতুর্থ দিন রাতে খুব আশা নিয়ে বসেছিলাম এনটিভির লাইভ উইথ স্টারস অনুষ্ঠানটি দেখার জন্য। কারণ ওই অনুষ্ঠানের শিল্পী ছিলেন ফুয়াদ, বালাম, হূদয় খান ও মিলা। কিন্তু যতটা আশা নিয়ে অপেক্ষা করতে হয়েছে, অনুষ্ঠানটি ঠিক ততটাই নিরাশ করেছে। হয়তো আয়োজকদের নতুন কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু যথাযথ প্রস্তুতি কিংবা অভিজ্ঞতার অভাবে তা সম্ভব হয়নি। একুশে টিভির স্টুডিও কনসার্ট-এ খুব ভালো লেগেছে তৃতীয় দিন ফেস টু ফেস আর চতুর্থ দিন আরফিন রুমির গান। পঞ্চম দিন বারী সিদ্দিকীর গান আর বাঁশি ভোলার মতো নয়।ঈদের ছুটিতে প্রায় সারা রাত জেগে, আর প্রবাসে ব্যস্ত সময়ের ফাঁকে প্রচুর দর্শক যে প্রিয় শিল্পীদের গান উপভোগ করেছেন, ফোনে সরাসরি তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর প্রমাণ। এমনি ধরনের আরও অনেক অনুষ্ঠান হয়েছে ঠিকই, কিন্তু সব সেভাবে দেখা হয়নি। তাই সেগুলো আনা সম্ভব হলো না এ লেখায়।