সারা দিন শরৎবন্দনা

বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে শরতের। সেই বিদায় বেলায় নৃত্য-গীতে বন্দনা করা হলো শরৎকালকে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো শরৎ উৎসব।
ভোরের আলো ফুটতেই শুরু হয় শরতের গান ও নৃত্য পরিবেশনা। শুরুতেই এসরাজের সুরে স্বাগত জানানো হয় শরতের ভোরকে। শিল্পী অসিত বিশ্বাসের পরিবেশনায় চারপাশে ছড়িয়ে পড়ে প্রশান্তি। এরপর নৃত্যজনের নৃত্যশিল্পীরা ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’, নটরাজের নৃত্যশিল্পীরা ‘আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়’ ও নৃত্যমের শিল্পীরা ‘শিউলি ঝরা এক সকালের অপেক্ষায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এরপর একক কণ্ঠে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ।

দিনভর এ আয়োজনের সকালের পর্বে শরৎকথনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন রামেন্দু মজুমদার। আরও বক্তব্য দেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি এম ই চৌধুরী শামীম, নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। অনুষ্ঠানের প্রথম পর্বে একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রি, মহাদেব ঘোষ, বিমান চন্দ্র বিশ্বাস। তাঁদের কণ্ঠে গীত হয় ‘শিউলি ফুলের মালা দোলে’, ‘আমার রাত পোহালো শারদপ্রাতে’ ও ‘আজ শরতের আকাশে ভাসে সাদা মেঘের ভেলা’। দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, আনন্দন, ওস্তাদ মমতাজ আলী খান একাডেমি, পঞ্চভাস্বর, বহ্নিশিখা ও সুরসপ্তকের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন লায়লা তারান্নুম কাকলি। বিকেল থেকে রাত অবধি ছিল শরৎ উৎসবের দ্বিতীয় পর্বের আয়োজন।