সারিকা নয়, হিল্লোল ও নওশীনকে বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোষ স্বীকার এবং তার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় সারিকার ওপর থেকে বয়কটের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অপরদিকে একই অভিযোগে অভিযুক্ত হিল্লোল ও নওশীনকে তিন মাসের জন্য বয়কটের সিদ্ধান্ত বহাল রেখেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ৩ নভেম্বর সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হিল্লোল, নওশীন ও সারিকাকে তিন মাসের জন্য বয়কট করার বিষয়টি পুনর্বিবেচনার জন্য এ সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক তারিক আনাম খান। পরে মামুনুর রশীদ বলেন, ‘হিল্লোল ও নওশীনকে প্রাথমিকভাবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত কোনো নাটক ও টেলিছবিতে সংশ্লিষ্ট না করার জন্য সব প্রযোজক ও পরিচালকের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। যেহেতু সারিকা দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তাই তাঁকে বয়কটের আদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ সম্প্রতি চ্যানেল টোয়েন্টিফোরে ‘ডাইন আউট উইথ আস’ অনুষ্ঠানে কয়েকজন জ্যেষ্ঠ শিল্পী, প্রযোজক ও পরিচালকের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেন হিল্লোল, নওশীন ও সারিকা। এ কারণে পরবর্তী সময়ে এই তিন শিল্পীকে কারণ দর্শনোর চিঠি দেয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পরে সংগঠনটির পক্ষ থেকে তাঁদের বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়।