সার্ক উৎসবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র
সার্কভুক্ত সব কটি দেশের চলচ্চিত্র নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে শ্রীলঙ্কার কলম্বোতে। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মোরশেদুল ইসলাম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র খেলাঘর ও প্রিয়তমেষু এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের দুটি তথ্যচিত্র। কাল ১৬ মে শুরু হচ্ছে এই উৎসব। গতকাল তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুণ অর রশীদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘উৎসবে অংশ নেওয়ার অন্যতম দুটি শর্ত হলো—ছবিগুলো ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে তৈরি হতে হবে এবং সাবটাইটেল থাকতে হবে। এসব দিক বিবেচনা করে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চারটি ছবি পাঠিয়েছি। তথ্যচিত্র দুটির বিষয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’মোরশেদুল ইসলাম বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমি নিজেও এই উৎসবে অংশ নেব।’উৎসব শেষ হবে ২০ মে।