সার্ক চলচ্চিত্র উৎসবে গেরিলা ও আমার বন্ধু রাশেদ
আগামী ২৬ থেকে ৩১ মে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ইমপ্রেস টেলিফিল্মের দুই ছবি ‘গেরিলা’ ও ‘আমার বন্ধু রাশেদ’। এ ছাড়া আগামী ১০ থেকে ১৬ জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে এ দুটি ছবি। ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, সার্ক চলচ্চিত্র উৎসবে এ দুটি ছবির পাশাপাশি চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত ‘আলবদর’ প্রামাণ্যচিত্রটিও প্রদর্শিত হবে। আর ইস্তাম্বুল চলচ্চিত্র উত্সবে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবি দুটির সঙ্গে কাজী মোরশেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘ঘানি’ ছবিটিও প্রদর্শিত হবে। দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সুপারিশ গ্রহণের লক্ষ্যে গঠিত কমিটির সাম্প্রতিক এক সভায় ছবিগুলো মনোনীত হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ, যুগ্ম সচিব (উন্নয়ন) মো. বজলুর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।