'মৃত্তিকা মায়া'র ঝুলিতে এবার রৌপ্যপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৃত্তিকা মায়া’ ছবির দৃশ্য
‘মৃত্তিকা মায়া’ ছবির দৃশ্য

গাজী রাকায়েতের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মৃত্তিকা মায়া’ ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অভাবনীয় সাফল্য দেখায়। ২৩টি বিভাগের মধ্যে ১৭টি বিভাগে পুরস্কার ঝুলিতে ভরে সবাইকে তাক লাগিয়ে দেয়। এবার ‘মৃত্তিকা মায়া’র সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সদ্যসমাপ্ত সার্ক চলচ্চিত্র উৎসব থেকে দ্বিতীয় পুরস্কার হিসেবে রৌপ্যপদক পেয়েছে ছবিটি। সেরা ছবির পুরস্কার অর্জন করেছে শ্রীলঙ্কার ‘মোটর বাইসাইকেল’।
‘মৃত্তিকা মায়া’র প্রযোজনা ও পরিবেশক সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, সার্ক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় চলচ্চিত্র পুরস্কার রৌপ্যপদক পেয়েছে ‘মৃত্তিকা মায়া’। শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজিত এবারের সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ও আফগানিস্তানসহ আটটি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়। নয়টি শর্টফিল্ম ও নয়টি ফিচার ফিল্ম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেরা তিন ছবিকে পুরস্কার দেওয়া হয় । উৎসব শেষে ‘মৃত্তিকা মায়া’র পরিচালক গাজী রাকায়েতের হাতে পুরস্কার তুলে দেয় উৎসব কতৃ‌র্পক্ষ।
‘মৃত্তিকা মায়া’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে চারুনীড়ম অডিও ভিজ্যুয়াল ও ইমপ্রেস টেলিফিল্ম। ২০১২ সালে সরকারি অনুদানে নির্মিত এই ছবিটির পরিবেশক সংস্থাও ছিল ইমপ্রেস টেলিফিল্ম। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ গুরুত্বপূর্ণ বেশির ভাগ বিভাগে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে ‘মৃত্তিকা মায়া’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘মৃত্তিকা মায়া’ যেসব বিভাগে পুরস্কার পায় সেগুলো হলো—সেরা ছবি, সেরা পরিচালক, সেরা গল্প, সেরা সংলাপ, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেতা (তিতাস জিয়া), সেরা অভিনেত্রী (শর্মীমালা), সেরা পার্শ্ব অভিনেতা (রাইসুল ইসলাম আসাদ), সেরা পার্শ্ব অভিনেত্রী (অপর্ণা ঘোষ), খল চরিত্রে সেরা অভিনেতা (মামুনুর রশীদ), সেরা আবহ সংগীত (এ কে আজাদ), সেরা চিত্রগ্রাহক (সাইফুল ইসলাম বাদল), সেরা সম্পাদনা (শরীফুল ইসলাম রাসেল), সেরা শিল্পনির্দেশক (উত্তম গুহ), সেরা পোশাক পরিকল্পনা (ওয়াহিদা মল্লিক জলি), সেরা শব্দগ্রহণ (কাজী সেলিম) এবং সেরা রূপসজ্জা (মোহাম্মদ আলী বাবুল)।