
সার্কাস সার্কাস নাটকটি আজকের নয়। প্রাচ্যনাট অনেক দিন আগে এটি মঞ্চে এনেছে। মূলত ঢাকার নাটক-প্রিয় দর্শকেরা প্রাচ্যনাটের উৎকৃষ্ট নাটকগুলোর মধ্যে সার্কাস সার্কাসকে ওপরের দিকেই রাখেন। সেই নাটকটিই এবার এসেছে দুই মলাটের মধ্যে বন্দী হয়ে। প্রকাশনা সংস্থা ‘অনার্য’ বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় এনেছিল আজাদ আবুল কালাম রচিত এই নাটকটি।
১৯৯৮ সালে লেখক সার্কাস সার্কাস বিষয়ে যে নাতিদীর্ঘ ভূমিকাটি লিখেছিলেন, যা ‘প্রসঙ্গ: সার্কাস সার্কাস’ নামে প্রকাশিত হয়েছিল, তাতে এই নাটক রচনার প্রাক-ভাবনাটি বর্ণনা করেছেন লেখক। আমরা অবাক হয়ে যাই, ১৯৯৮ সালে লেখা সেই ভূমিকায় যে বাস্তবতার কথা তুলে ধরেছেন লেখক, মুক্তিযুদ্ধ ও আশির দশকের দুটো বিচ্ছিন্ন ঘটনায় আলোড়িত হয়েছেন বলে জানাচ্ছেন, সে বাস্তবতা এখনো অলীক নয় এবং অন্ধকার যেন আরও প্রগাঢ় হয়ে আমাদের ওপর চেপে বসছে।
এত দিন পর, ২০১৬ সালে বইটি প্রকাশিত হয়েছে, মনে হচ্ছে এ সময়েরই কথা যেন বলা হচ্ছে এখানে। আমরা তো প্রতিনিয়তই দেখতে পাচ্ছি, আমাদের লোকজ সংস্কৃতির ওপর বাধা আসছে বারবার। হারিয়ে যাচ্ছে মেলা, যাত্রা, কবিগানের আসর। বাউলদেরও চুল-দাড়ি কেটে দিয়েছে অন্ধকারের পূজারিরা। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকের বাস্তবতার কথা আমরা ভাবি, তাহলে বলতেই হয়, আজাদ আবুল কালামের সার্কাস সার্কাস বইটি এখনো প্রাসঙ্গিক এবং মানবিক। জঙ্গিবাদের নামে যে মানবতার হনন শুরু হয়েছে, তার বিপরীতে এই বইটি একটি প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াতে পারে। সবকিছু ভেঙে গেলেও আবার আশার আলোয় বুক বাঁধা যায়। নাটকের শেষ দৃশ্যে বালক যখন সবকিছু গুছিয়ে রাখতে চায়, তখন সাধন দাসের চিত্তশোক দূর হয়ে যাওয়ার মাধ্যমে আবার এগিয়ে চলার পথের দিশা বুঝি পাওয়া যায়।
বইটি যত বেশি মানুষের হাত পৌঁছাবে, ততটাই অন্ধকার কাটবে বলে আমার বিশ্বাস।