সার্ধশততম জন্মবার্ষিকীর কর্মসূচি
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ভারত-বাংলাদেশ যৌথভাবে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান শুরু হবে ৬ মে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। গতকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব অনুষ্ঠানসূচি চুড়ান্ত করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ বিশিষ্ট জনেরা সভায় উপস্থিত ছিলেন।বাংলাদেশের মতো ভারতের দিল্লি ও কলকাতাতেও তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে। দিল্লিতে মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন।বাংলাদেশের রবীন্দ্র স্মৃতিবিজড়িত শিলাইদহ, শাহজাদপুর, পতিসর ও দক্ষিণডিহিতে বাংলাদেশের শিল্পীদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে ভারতের শিল্পীদেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তথ্য বিবরণী।