সালমা হায়েকের বিপরীতে গুলশান গ্রোভার
বলিউডের অভিনেতা গুলশান গ্রোভার এবার মেক্সিকান বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী সালমা হায়েকের স্বামী হতে যাচ্ছেন। সম্প্রতি এ বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। দ্য ড্রাইভার নামের ছবিটিতে তাঁদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। ছবির পরিচালক বিল ডিউক। ছবিতে আরও বেশ কিছু চমক থাকছে দর্শকদের জন্য। দ্য ড্রাইভার নামের এ ছবিতে উইল স্মিথ, জ্যানেট জ্যাকসন, হুপি গোল্ডবার্গ এবং এনবিএ তারকা কোব ব্রায়ান্টসহ হলিউডের বড়মাপের অভিনেতাদের অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলেও পরিচালক সূত্রে জানা যায়। পরিচালক সূত্রে আরও জানা যায়, ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে গল্পের প্রয়োজনে বলিউডের একজন বড়মাপের অভিনেতার প্রয়োজন ছিল। আর গুলশান গ্রোভার বলিউডের সেই অভিনেতা, যে কিনা হলিউডে কাজ করার ক্ষমতা রাখেন। তাই চরিত্রটির জন্য গুলশান গ্রোভারকেই উপযুক্ত মনে করা হয়েছে। ছবিতে সাইন করার পর প্রতিক্রিয়ায় গুলশান গ্রোভার বলেন, ‘হলিউডের এতো বড়মাপের একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বেশি আনন্দের।’