সালমা হায়েকের মঞ্চভীতি
হলিউডের অন্যতম সফল তারকা সালমা হায়েক। ক্যামেরার সামনে সাবলীলভাবে অভিনয় করতে পারলেও, মঞ্চে অভিনয় করতে গেলেই নাকি তাঁর পিলে চমকে যায়। সম্প্রতি এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন সালমা নিজেই। এ প্রসঙ্গে সালমার উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ পত্রিকা জানিয়েছে, মঞ্চভীতির কারণে বরাবরই মঞ্চ নাটকে অভিনয় থেকে পালিয়ে বেড়িয়েছেন সালমা। একবার নিউইয়র্কে একটি মঞ্চ নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও, স্রেফ মঞ্চভীতি কাটিয়ে উঠতে না পারার কারণে শেষ মুহূর্তে পিঠটান দেন ৪৬ বছর বয়সী এই মেক্সিকান অভিনেত্রী। মঞ্চভীতি সম্পর্কে সালমা বলেন, ‘খুব বাজে ধরনের মঞ্চভীতি আছে আমার ভেতর। এখন পর্যন্ত বেশ কয়েকবার মঞ্চ নাটকে অভিনয়ের জন্য সায় দিলেও, শেষ মুহূর্তে গিয়ে আর মঞ্চে দাঁড়াতে পারিনি।’সালমা আরও বলেন, ‘ক্যামেরার সামনে অভিনয় করতে আমার একটুও ভয় লাগে না, পূর্ণ মনোযোগ দিয়ে এবং সহজ-স্বাভাবিক ভঙ্গিতে কাজ করতে পারি। কিন্তু মঞ্চে অভিনয় করতে গেলেই যত গোল বাঁধে। সামনে বসে দর্শকেরা আমার দিকে তাকিয়ে আছেন এবং ভালো কিছু প্রত্যাশা করছেন—এটা ভাবতেই ভয়ে গা শিউরে ওঠে আমার।’ প্রচণ্ড মঞ্চভীতি থাকলেও মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমেই কেবল এই ভয় কাটিয়ে ওঠা সম্ভব বলে বিশ্বাস করেন সালমা। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘কোনো ছবির শুটিংয়ের সময় আমার ভেতর যেহেতু ভয় কাজ করে না, কাজেই মঞ্চভীতিও কাটিয়ে উঠতে পারব আমি। এক্ষেত্রে কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল অবলম্বন করতে হবে। মঞ্চে দাঁড়াতে হবে আমাকে। হয়তো লন্ডনের ওয়েস্ট এন্ডেই মঞ্চভীতিটা কেটে যাবে আমার।’