সালমান-ইলুলিয়ার লুকোচুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোই জমে উঠেছে রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরের সঙ্গে ‘বিগহার্ট লাভার বয়’ সালমান খানের প্রেম। মুম্বাইয়ে সালমানের মা-বাবার সঙ্গে এক বাড়িতেই থাকছেন ইলুলিয়া।অবশ্য জনসমক্ষে হাজির হওয়ার ক্ষেত্রে বেশ সতর্কই থাকছেন সালমান-ইলুলিয়া। সম্প্রতি হায়দরাবাদ বিমানবন্দরে একসঙ্গে হাজির হলেও আলোকচিত্রীদের উপস্থিতি টের পেয়ে লুকোচুরির আশ্রয় নেয় এ জুটি। সম্প্রতি ‘মেন্টাল’ ছবির শুটিংয়ের কাজে হায়দরাবাদ শহরে গিয়েছিলেন সালমান। তখন তাঁর সঙ্গে ছিলেন ইলুলিয়া। বিমান থেকে নেমে শুরুতে তাঁরা একসঙ্গেই হাঁটছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আলোকচিত্রীরা তাঁদের ছবি তোলার চেষ্টা করলে সালমান ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন। আর ইলুলিয়া যাতে ক্যামেরাবন্দী হতে না পারেন, সে জন্য তাঁকে আড়াল করে রাখেন সালমানের বন্ধু নাদিম। এ অবস্থায় বিমানবন্দর থেকে আলাদাভাবে বের হওয়ার সিদ্ধান্ত নেন সালমান। তিনি তাঁর জন্য অপেক্ষমাণ বিলাসবহুল গাড়িতে করে ইলুলিয়াকে স্থানীয় একটি হোটেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর নিজের জন্য একটি ট্যাক্সি ভাড়া করেন সালমান। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।এ ঘটনার সময় বিমানবন্দরে হাজির ছিলেন তেলেগু দেশম পার্টির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম। হট্টগোল থেকে সালমানকে উদ্ধারে এগিয়ে যান তিনি। সালমানকে বিমানবন্দর থেকে বের হওয়ার জন্য নিজের গাড়ি দিতে চান মোহাম্মদ সেলিম। কিন্তু বিনয়ের সঙ্গে তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভাড়া করা ট্যাক্সি নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন সালমান। বছর দুয়েক আগে একবার বিদেশ সফরে গিয়ে সালমানের সাক্ষাত্ হয়েছিল ইলুলিয়ার সঙ্গে। সেই থেকে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। রোমানিয়ার প্রতিষ্ঠিত টিভি সঞ্চালক ও অভিনেত্রী ইলুলিয়ার সঙ্গে এক বছর আগেই অভিসার শুরু করেছিলেন সালমান। তবে যথেষ্ট গোপনীয়তা মেনে চলায় তাঁদের সেই অভিসারের খবর খুব কম মানুষই জানত। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরের তকমা হটিয়ে রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান খান—গত মে মাসের শুরুর দিকে এমন খবরে হইচই পড়ে যায় চারদিকে। অবশ্য এ খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দেন সালমানের বাবা সেলিম খান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘এমন কিছুই ঘটছে না। সালমান ও ইলুলিয়ার বিয়ের এ খবরে বিন্দুমাত্র সত্যতা নেই। পেশাগত কাজ ও ভ্রমণের কারণে অনেক মানুষের সঙ্গেই সালমানের সাক্ষাত্ হয়। সালমানের বন্ধু ইলুলিয়া। ব্যস, এটুকুই। এর বাইরে আর কিছুই নয়।’ সেলিম খান অস্বীকার করলেও সালমানের কাছের একটি সূত্র দাবি করেছিল, সালমান তাঁর নতুন প্রেমিকাকে নিয়ে খুবই সিরিয়াস। দুই বছর ধরে একে-অন্যকে চিনলেও তাঁরা কাউকেই বিষয়টি জানতে দেননি। গোয়ায় ‘মেন্টাল’ ছবির শুটিংয়ের সময় তাঁকে সঙ্গ দেন স্বর্ণকেশী ইলুলিয়া। অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। সে সময় সালমানের জীবনে ইলুলিয়ার প্রভাব বেশ ভালোভাবেই আঁচ করেছেন তাঁর কাছের মানুষজন। ইলুলিয়াকে বিয়ে করার জন্য তাঁকে পরামর্শ দিয়েছেন সবাই। সূত্রটি আরও জানায়, সালমানও মনে মনে ইলুলিয়াকে বিয়ে করার কথা ভাবছেন। এখন পর্যন্ত বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ না খুললেও শিগগির ইলুলিয়ার সঙ্গে প্রেমের ঘোষণা আসতে পারে সালমানের কাছ থেকে। ইলুলিয়া প্রসঙ্গে সালমান মুখ না খুললেও, তাঁর সঙ্গ যে ইলুলিয়া দারুণ উপভোগ করছেন তার প্রমাণ পাওয়া যায় গত মে মাসের শেষের দিকে। তখন বেতনের চার হাজার ইউরোর মায়া ত্যাগ করে দুই মাসের অবৈতনিক ছুটি চেয়ে রোমানিয়ার প্রো টিভি চ্যানেল বরাবর দরখাস্ত পাঠিয়েছিলেন ইলুলিয়া। তাঁকে টিভি তারকা হিসেবে ভারতে প্রতিষ্ঠিত করবেন বলে কথা দিয়েছেন সালমান। সব মিলিয়ে সালমান-ইলুলিয়া প্রেমের অধ্যায় বেশ ভালোই জমে উঠেছে। তাঁদের এই প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় কি না, তা জানার জন্য সময় আর সালমানের মর্জির ওপর নির্ভর করা ছাড়া আপাতত আর কিছুই করার নেই সালমান-ভক্তদের। তবে তাঁর ভক্তদের চাওয়া, আর দেরি না করে যত দ্রুত সম্ভব বিয়ে করে থিতু হোন তাদের প্রিয় তারকা সালমান।