সালমান এবার প্রযোজনায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে সালমানের রাজত্বকাল প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ সময় অভিনয়ের পাশাপাশি কখনো চিত্রনাট্যকার, কখনো আবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া, এমনকি অঘোষিতভাবে চলচ্চিত্র সম্পাদনার কাজ পর্যন্ত করেছেন। এবার সালমান তাঁর সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিচ্ছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে। বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান এবার প্রযোজকের খাতায় নাম লেখাচ্ছেন। সূত্রে আরও জানা গেছে, সালমান শুধু নিজের লাভের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান খুলছেন না। প্রযোজনা প্রতিষ্ঠানের লভ্যাংশ সালমান তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান বিংয়ের তহবিলে জমা রাখবেন বলে জানা গেছে। প্রযোজক সালমানের এ টাকা শুধু সমাজের সুবিধাবঞ্চিতদের জন্যই ব্যয় করা হবে। অবশ্য সালমানের ভাই আরবাজ খান, সোহেল খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী বেশ আগেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে সালমান খান বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিগুলো হলো, সোহেল খানের রেডি, শের খান ও অতুল অগ্নিহোত্রীর বডিগার্ড, আরবাজ খানের দাবাং-টু, সাজিদ নাদিয়াদওয়ালার কিক, ইয়াশ রাজ ফিল্মসের ‘এক থা টাইগার’। এ কাজগুলো শেষ করেই সালমান খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ শুরু করবেন। এর মধ্যেই এ বিষয়ে তিনি সবকিছু চূড়ান্ত করেছেন বলেও জানা গেছে।