সালমান-ক্যাটরিনা-রণবীর ত্রিভুজ প্রেম!

সালমান-ক্যাট, নাকি রণবীর-ক্যাট—সম্পর্ক কোনটি বেশি সফল, এ প্রশ্ন এখন অনেকেরই। সালমান-ক্যাটরিনার প্রেমে কাটাকুটি তো সবার জানা, কিন্তু তাঁদের কি আবার বাস্তব জীবনের ভালোবাসার সম্পর্কে ফিরে আসা সম্ভব? রণবীর কাপুরের সঙ্গে এখন বিয়ের স্বপ্ন দেখা ক্যাটরিনা কাইফের পক্ষে হয়তো বাস্তব জীবনে সালমানের কাছে ফেরার সম্ভাবনা নেই, তবে পর্দায় দেখা যেতে পারে দুজনকে।
সালমান খানকে মনে করা হয় ‘চূড়ান্ত পেশাদার’ একজন অভিনেতা, ক্যাটরিনা কাইফকে ‘ব্যবসায়ী অভিনেত্রী’ আর রণবীর কাপুরকে ‘প্লেবয়’। বাস্তব জীবনের সঙ্গে পর্দায় পেশাদারি জীবনের পার্থক্য অনেক। সালমানের সঙ্গে ক্যাটের সম্পর্ক ভেঙে গেলেও ধারণা করা হচ্ছে, কাজের ক্ষেত্রে দুজনকে একসঙ্গে দেখা যাবে শিগগিরই।
অতুল অগ্নিহোত্রির ‘ও তেরি’ চলচ্চিত্রে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে আইটেম গানে। এ দুজন শেষবার কাজ করেছেন ‘এক থা টাইগার’ চলচ্চিত্রে। এর আগে ‘বডিগার্ড’ চলচ্চিত্রেও একসঙ্গে একটি আইটেম গানে দেখা গেছে দুজনকে। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পরিচালক অতুল অগ্নিহোত্রি জানিয়েছেন, সালমান-ক্যাটরিনাকে আবার একসঙ্গে দেখা যেতে পারে। তবে এখনো সবকিছু ঠিকঠাক হয়নি। ক্যাটরিনা রাজি হলে কাজ শুরু করা যাবে।
সালমান-ক্যাটরিনার দূরত্ব
রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা সালমান খানের সঙ্গে তার দূরত্ব বাড়িয়েছে। আর সালমান খানও এ সুযোগে প্রেম করছিলেন রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরার সঙ্গে। সম্প্রতি সালমান-ইলুলিয়ার প্রেমের সম্পর্কে ইতি ঘটেছে।
ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ সম্পর্কের বেশ কিছু ছবি ফাঁস হয়ে যাওয়ার পর টালমাটাল হয়ে পড়েছে। তাই প্রশ্ন উঠছে, আবারও কি একসঙ্গে দেখা যাবে ক্যাটরিনা-সালমানকে? তবে সালমান-ক্যাটরিনার ভেঙে যাওয়া সম্পর্ক যে আর জোড়া লাগার মতো অবস্থায় নেই, তার প্রমাণ পাওয়া যায় গত রোজার মাসে সালমানের ইফতার অনুষ্ঠানে ক্যাটরিনার দাওয়াত না পাওয়ায়। এদিকে আবার ক্যাটরিনার বোনের বিয়েতেও দাওয়াত পাননি সালমান খান। দুজন এখন দুই মেরুর যাত্রী। দুই মেরুর দুই যাত্রীকে এক ফ্রেমে বন্দী করে নিশ্চয় মান-অভিমান ভাঙানোর চেষ্টা করবেন অতুল অগ্নিহোত্রি। আর রণবীর কাপুর? শিগগিরই রণবীরের সঙ্গে ‘জগ্গা জাসুস’ নামের একটি চলচ্চিত্রে কাজ করবেন ক্যাটরিনা।