সালমান খান হাসপাতালে
বৃহস্পতিবার রাতে বুকে ব্যথা নিয়ে মুম্বাইর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সালমান খান। একটি সূত্র জানিয়েছে, রাতেই তাঁর অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। তবে হাসপাতাল এবং সালমানের পরিবার এ ব্যাপারে কিছু বলেননি। এদিকে বৃহস্পতিবার সালমানের এই অসুস্থতার খবর বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ভক্তরা রাতেই হাসপাতাল চত্বরে ভিড় জমায়। ভিড় হয় সালমানের বাসভবনের সামনেও।অনেক দিন ধরেই সালমান কাঁধ ও পিঠের সমস্যায় ভুগছেন। এর আগে কয়েকবার সালমান খান চিকিৎসা নিয়েছেন মুম্বাইর হিন্দুজা হাসপাতালে।এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সালমানের ভাই আরবাজ খানকে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। সালমানের ব্যাপারে সাংবাদিকেরা তাঁর কাছ থেকে কিছু জানার চেষ্টা করেন। তবে আরবাজ সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই দ্রুত গাড়িতে গিয়ে ওঠেন। বিভিন্ন সূত্র জানিয়েছে, সালমানের অসুস্থতা তেমন গুরুতর নয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন।