সালমান খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা সালমান খানের বিরুদ্ধে সম্প্রতি প্রতারণার অভিযোগ তুলেছেন ভারতের পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তা ওয়াই পি সিং। তাঁর দাবি, মহারাষ্ট্র নগর পরিকল্পনা আইন লঙ্ঘন করেছেন সালমান। সালমানের বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগও তুলেছেন তিনি।সম্প্রতি বান্দ্রার বুলক কার্ট রোডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন সালমান। কাগজে দেখানো হয়েছে, ১০৭৯.৯৫ বর্গফুটের ফ্ল্যাটটি তিনি কিনেছেন ২০ কোটি রুপি ব্যয় করে। অথচ এর মূল্য মাত্র চার কোটি রুপি। হিসাবে প্রতি বর্গফুটের জন্য সালমানের ব্যয় ১.৮০ লাখ রুপি। কিন্তু প্রতি বর্গফুটের বর্তমান বাজারদর ২৫ থেকে ৩০ হাজার ভারতীয় রুপি মাত্র। সালমান বাজারদরের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি দামে ফ্ল্যাট কেনায় প্রশ্ন তুলেছেন ওয়াই পি সিং।এ প্রসঙ্গে ওয়াই পি সিংয়ের উদ্ধৃতি দিয়ে ডেইলি ভাস্কর ডটকম জানিয়েছে, ‘ভবনটির ১১ তলায় গাড়ি পার্কিং, সুইমিং পুলসহ অন্তত ৮০০০ বর্গফুট জায়গা নিজের নামে কিনেছেন সালমান। অথচ কাগজে দেখানো হয়েছে মাত্র ১০৭৯.৯৫ বর্গফুট। এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এ ছাড়া কালো টাকা সাদা করার উদ্দেশ্যেও এমনটি করে থাকতে পারেন তিনি। নইলে এত বেশি দাম দিয়ে কেন তিনি অ্যাপার্টমেন্টটি কিনলেন! বিষয়টি ফ্ল্যাটটির “পাওয়ার অব অ্যাটর্নি” সালমানের বাবা সেলিম খানকে জানানো হয়েছে।’এদিকে ওয়াই পি সিং আরও বলেছেন, ‘আইন অনুযায়ী কোনো অ্যাপার্টমেন্টের লবি, বাগান, গাড়ি পার্কিং এবং সুইমিং পুল কোনো একক ব্যক্তির মালিকানায় থাকার কোনো নিয়ম নেই। এদিক থেকে বিবেচনা করলে এখন মানি লন্ডারিং ও মহারাষ্ট্র নগর পরিকল্পনা আইন লঙ্ঘন করেছেন সালমান। এ ঘটনার তদন্ত হওয়া দরকার। সঠিক তদন্ত হলে অবশ্যই সালমানের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হবে।’অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত সালমান বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি।