সালমান পরিবারের গাড়ি এবার প্রাণ নিল এক বৃদ্ধার!
২০০২ সালে সালমান খানের ল্যান্ড ক্রুজার গাড়িটি মুম্বাইয়ের বান্দ্রা এলাকার এক ফুটপাতের ঘুমন্ত মানুষদের চাপা দেওয়ায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন। এবার তাঁর ভাই সোহাইল খানের ব্যবহূত ল্যান্ড ক্রুজার গাড়িটি কেড়ে নিয়েছে ফুটপাতে বসবাসকারী ৭০ বছর বয়সী অসহায় এক বৃদ্ধার প্রাণ। বান্দ্রার সেন্ট অ্যান্ড্রুস গির্জার কাছে ১ জুলাই রোববার রাত ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।গাড়িটির মালিক আরবাজ খান হলেও এটি ব্যবহার করছিলেন তাঁর ভাই সোহাইল খান। দুর্ঘটনার সময় আরবাজ কিংবা সোহাইলের কেউ গাড়িতে ছিলেন না বলেই দাবি করেছে পুলিশ। গাড়ি চালাচ্ছিলেন সোহাইলের গাড়িচালক ধনঞ্জয়। সোহাইলের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যাওয়ার পথে চন্দন বালা নামের এক বৃদ্ধাকে গাড়ি দিয়ে চাপা দেন ধনঞ্জয়। জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘চাপা দেওয়ার পর না থেমে গাড়িটি ওই বৃদ্ধার গায়ের ওপর দিয়ে চলে যায়। পরে একজন পথচারী এবং পুলিশ কনস্টেবল চন্দন বালাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর জীবন বাঁচানো সম্ভব হয়নি।’দুর্ঘটনার পর ধনঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি চালানোর সময় তিনি মদ্যপ ছিলেন কি না, সেটা পরীক্ষা করা হয়েছে। অবশ্য অ্যালকোহল সেবনের প্রমাণ পায়নি পুলিশ। ধনঞ্জয়ের বিরুদ্ধে তাড়াহুড়ো করে গাড়ি চালানোর পাশাপাশি অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। এখন তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।২০০২ সালে সালমানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিল পুলিশ। কিন্তু তাঁর আইনজীবীর দাবি, দুর্ঘটনার সময় সালমান গাড়ির পেছনের আসনে ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর একজন দেহরক্ষী।