সালমান-প্রিয়াঙ্কা সখ্য বাড়ছে!
বলিউডের ‘খান’ শিবিরে যুক্ত হওয়া মানেই লোভনীয় সব ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া। প্রচলিত এই ধারণাটির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কৌশল বেশ ভালোভাবেই রপ্ত করেছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখ খানের সঙ্গে তাঁর ‘বিশেষ’ সুসম্পর্কের কথা সবারই জানা। শাহরুখের পর এবার সালমান খানের সঙ্গেও সখ্য বাড়াচ্ছেন ২৯ বছর বয়সী সাবেক এ বিশ্বসুন্দরী।কিছুদিন আগে একটি ছবিতে কাজ করতে গিয়ে সালমানের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু খুব বেশিদিন সেই বিবাদ জিইয়ে রাখতে দেননি তিনি। বিবাদকে ঝেঁটিয়ে বিদায় করে আবারও সালমানের বন্ধু বনে গেছেন। এ ছাড়া গত এপ্রিলে আইপিএল আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এবং প্রিয়াঙ্কা একে অপরের সঙ্গে খুব আন্তরিকভাবেই মিশেছেন। সম্প্রতি এক খবরে এমন তথ্যই দিয়েছে ওয়ান ইন্ডিয়া।সালমানের বোন অর্পিতা খানের সঙ্গেও দারুণ দোস্তি করেছেন প্রিয়াঙ্কা। গত ২৫ মে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে অর্পিতার সঙ্গে সেই বন্ধুত্বকে আরেকবার ঝালিয়ে নিয়েছেন তিনি। প্রিয়াংকা-অর্পিতার অন্তরঙ্গতা সেখানে উপস্থিত কারোরই নজর এড়ায়নি। অনেকে প্রিয়াঙ্কার উদ্দেশে মন্তব্য ছুড়ে বলেছেন, অর্পিতার সঙ্গে বন্ধুত্বের কারণেই খান শিবিরে ফিরতে পেরেছেন প্রিয়াঙ্কা।