সালমান-বিপাশার নতুন রসায়ন!
দীর্ঘদিন কাছাকাছি না থাকলেও সম্প্রতি বান্দ্রার একটি রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ সেরেছেন বলিউডের দুই তারকা সালমান খান ও বিপাশা বাসু। একসময় বিপাশার সাবেক প্রেমিক জন আব্রাহামের কারণে দূরত্ব তৈরি হয়েছিল সালমানের সঙ্গে বিপাশার। তবে কি এবার সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা করছেন ৩৩ বছরের নিঃসঙ্গ এ বঙ্গসুন্দরী! সালমান আর বিপাশাকে একসঙ্গে দেখার পর টুইটারে লিখে তা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের মতে, রেস্তোরাঁয় পুরোনো বন্ধুর মতোই খোশগল্পে মেতে ওঠেন সালমান-বিপাশা। এক খবরে এমন তথ্য প্রকাশ করেছে জিনিউজ ব্যুরো। বলিউডের খান শিবিরে যুক্ত হওয়া মানেই হিট সব ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া। এ মন্ত্র ভালোই রপ্ত করেছেন ক্যাটরিনা কাইফ। পরপর কয়েকটি হিট ছবির কল্যাণে এখন দারুণ অবস্থানে আছেন সালমান। নতুন, মাঝারি কিংবা বড় মাপের অনেক তারকাই এখন ধরনা দিচ্ছেন সালমানের সঙ্গে কাজ করার জন্য। সম্ভবত এরই ধারাবাহিকতায় খান শিবিরে যোগ দিচ্ছেন বিপাশাও। গত বছর জন আব্রাহামের সঙ্গে দীর্ঘ প্রেমের যবনিকাপাতের পর নতুন করে জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়েন বিপাশা। এ ক্ষেত্রে হাতিয়ার হিসেবে তিনি বেছে নেন নিজের কাজকে। জনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনয় করেন ‘প্লেয়ারস’, ‘জুড়ি ব্রেকার্স’, ‘সিঙ্গুলারিটি’ ছবিগুলোতে। কিন্তু এই মুহূর্তে বিপাশার হাতে ‘রাজ থ্রিডি’ ছাড়া ভালো আর তেমন কোনো ছবি নেই। সম্ভবত এ কারণেও সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ক্যারিয়ারে গতি আনতে চাইছেন তিনি। উল্লেখ্য, ২০০৫ সালে মুক্তি পাওয়া কমেডিধর্মী ‘নো এন্ট্রি’ ছবিতে একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন সালমান খান ও বিপাশা বাসু।