সালমান-সংগীতা সখ্য বাড়ছে!
তবে কি সাবেক প্রেমিকা সংগীতা বিজলানির সঙ্গে সখ্য বাড়ছে বলিউডের অভিনেতা সালমান খানের! সম্প্রতি মুম্বাইয়ে হলিউডের ছবি ‘অ্যাভেঞ্জারস’-এর বিশেষ প্রদর্শনীতে সাবেক এ জুটিকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এমন খবর চাউর হয়েছে বলিউডের মিডিয়াপাড়ায়।‘অ্যাভেঞ্জারস’ ছবির বিশেষ প্রদর্শনীতে সালমান এবং সংগীতার দহরম-মহরমের ছবিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ছবিতে দেখা গেছে, কেবল সালমানই নন, তাঁর পরিবারের সবার সঙ্গেও অন্তরঙ্গভাবে মিশেছেন সংগীতা। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে জিনিউজ।‘বিগ হার্ট লাভারবয়’খ্যাত সালমানের প্রথম প্রেমিকা ছিলেন সংগীতা। ১৯৮০ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর আশির দশকে বলিউডে পা রাখেন তিনি। পরবর্তী সময়ে সালমানের সঙ্গে প্রণয়ে জড়ান এই মডেল ও অভিনেত্রী। বেশ কিছুদিন চুটিয়ে প্রেম করেন তাঁর। কিন্তু টেকেনি সেই সম্পর্ক। কোনো এক অজানা কারণে ভেঙে যায় তাঁদের সম্পর্ক।সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারুদ্দিনের সঙ্গে ঘর বাঁধেন সংগীতা। তিনি সালমানের সঙ্গে সম্পর্কের ইতি টানলেও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলেন। ২০১১ সালে ১৪ বছরের সংসার জীবনের ইতি টানেন সংগীতা-আজহারুদ্দিন।বিচ্ছেদের পরপরই নিঃসংগতা থেকে মুক্তি পেতে সালমানের সাহায্য চান সংগীতা। সালমানও তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দেন সাবেক প্রেমিকার জন্য। কেবল সালমান নন, তাঁর বাবা-মা এবং দুই বোন আলভিরা ও অর্পিতার সঙ্গেও দারুণ সখ্য গড়ে তোলেন সংগীতা। মাঝে-মধ্যেই সালমানের পরিবারের সদস্যদের সঙ্গে হূদ্যতাপূর্ণ সময় কাটাতে তাঁদের বাড়িতে ছুটে যান।