সালমান-সঞ্জয়কে নিয়ে ডকুড্রামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অন্যতম বিতর্কিত দুই তারকা সঞ্জয় দত্ত ও সালমান খানকে নিয়ে ‘মুন্নাভাই সাল্লু ভাই—কিলারস অর হিলারস’ শিরোনামে ডকুড্রামা তৈরির কাজ হাতে নিয়েছেন ‘রকস্টার’ ছবির চিত্রনাট্যকার মুয়াজ্জেম বেগ। ওই ডকুড্রামার গল্পভাবনা থেকে শুরু করে শিল্পী নির্বাচন ও পরিচালনার দায়িত্ব পালন করছেন মুয়াজ্জেম নিজেই। এতে সালমান-সঞ্জয়ের পেশা ও ব্যক্তিজীবনের নানা তথ্য তুলে ধরা হবে। চলতি মাসের মাঝামাঝিতে কাজ শুরু করে ডিসেম্বরের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।এ প্রসঙ্গে মুয়াজ্জেম বলেন, ‘সালমান ও সঞ্জয়ের চরিত্রে অভিনয় করতে পারবে এমন যোগ্য নতুন মুখ সন্ধানের কাজ চলছে। পেশিবহুল এ দুই তারকার চরিত্রে অভিনয়ের জন্য অবশ্যই ভালো দৈহিক গড়নের শিল্পী প্রয়োজন। এরই মধ্যে মুম্বাইয়ে অডিশন পর্ব শেষ হয়েছে। দিল্লি, চণ্ডীগড় ও পুনেতে অডিশনের ব্যবস্থা করা হয়েছে।’ মুয়াজ্জেম আরও বলেন, ‘প্রধান দুই পুরুষ চরিত্রের পাশাপাশি নারী চরিত্রের জন্য দুজন অভিনয়শিল্পীও খোঁজা হচ্ছে। তাঁদের একজন অভিনয় করবেন সালমানের বিপরীতে। আরেকজনকে দেখানো হবে সালমানের ফেসবুক বন্ধু হিসেবে। চারটি শহরে অডিশন পর্ব শেষে নির্বাচিতদের চূড়ান্ত বাছাইপর্বে অংশ নেওয়ার জন্য মুম্বাইয়ে ডাকা হবে।’