সালমান-সাইফের বিরুদ্ধে সমন জারি
বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সাইফ আলী খানের বিরুদ্ধে সমন জারি করেছেন যোধপুর আদালত। সমন জারি করা হয়েছে বলিউডের অভিনেত্রী টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের বিরুদ্ধেও। এই পাঁচ তারকাকে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে হাজির থাকতে বলা হয়েছে। ১৯৯৮ সালে দায়ের করা চিঙ্কারা শিকার মামলায় হাজিরা দিতে তাঁদের তলব করা হয়েছে। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে বিরল প্রজাতির চিঙ্কারা ও ব্ল্যাকবাক হরিণ শিকারের অভিযোগে ১৯৯৮ সালে মামলা হয়েছিল এই পাঁচ তারকার বিরুদ্ধে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। রাজস্থানের ভাওয়াড় গ্রামে দুটি চিঙ্কারা হত্যার দায়ে এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন সালমান। বন্য প্রাণী সংরক্ষণ আইনের ৫১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৬ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছিল।যোধপুর কেন্দ্রীয় কারাগারে তিন রাত আটক থাকার পর জামিনে মুক্তি পান সালমান। পরে তিনি ২০০৬ সালের ৯ মার্চ মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেন।