সালমান স্মরণে এফডিসিতে মিলাদ

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ২০তম মৃত্যুবার্ষিকী আগামী মঙ্গলবার। নায়কের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ‘সালমান শাহ স্মৃতি পরিষদ’। মঙ্গলবার আসরের নামাজের পর এফডিসির মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন পরিচালক সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে। জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর দিনটির স্মরণে নানা আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ও টেলিভিশন চ্যানেলগুলো।
সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেটের দাড়িয়া পাড়ায়। বাংলাদেশ টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় তাঁর যাত্রা শুরু হয়। প্রথম ছবিতেই সারা দেশের মানুষের মন জয় করে নেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। চলচ্চিত্র-সংশ্লিষ্ট সবাইকে প্রিয় নায়কের মিলাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ‘সালমান শাহ স্মৃতি পরিষদ’-এর সভাপতি এসএম শফি।
মাত্র ২৫ বছর বয়সে ২৭টি ছবিতে অভিনয় করেন সালমান, যার প্রায় প্রতিটি ছবিই ব্যবসাসফল। সালমান অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে কেয়ামত থেকে কিয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আজ্ঞুমান, মহামিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেমপিয়সী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন। সিনেমাগুলো তাঁর নায়িকা ছিলেন মৌসুমি, শাবনূর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ।
এ ছাড়া সালমান অভিনয় করেছিলেন ৮টি টিভি নাটকে। সেগুলো হলো, আকাশ ছোঁয়া, দেয়াল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, পাথর সময়, ইতিকথা, নয়ন, স্বপ্নের পৃথিবী (টেলিছবি)।