সালমানকে অমিতাভের অভিনন্দন

বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খানকে অভিনন্দন জানালেন ‘বলিউড শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। বলিউডে দীর্ঘ ২৫ বছর সফল পদচারণের জন্য সম্প্রতি সালমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন অমিতাভ।
এ প্রসঙ্গে অমিতাভ বলেন, ‘সালমানের প্রতি আমার অনেক অনেক শুভকামনা। ২৫ বছর সাফল্যের সঙ্গে বলিউডে পথচলার বিষয়টি মোটেও কম অর্জন নয়। আজ তিনি হিন্দি চলচ্চিত্রশিল্পের অন্যতম সেরা অভিনেতা। এ জন্য তাঁকে অভিনন্দন জানাচ্ছি আমি।’
‘বাগবান’, ‘বাবুল’ ও সর্বশেষ পাঁচ বছর আগে ‘গড তুসি গ্রেট হো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ ও সালমান। অনেক দিন একসঙ্গে কাজ না করলেও, বরাবরই একে অপরের সঙ্গে হূদ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সালমান খানের বলিউডে যাত্রা শুরু ১৯৮৮ সালে। তখন সালমানের বয়স ছিল ২৩। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে সালমানের অভিষেক হয়। পরের বছর মুক্তি পায় তাঁর সাড়াজাগানো ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’। ছবির কেন্দ্রীয় চরিত্রটির নাম ছিল প্রেম। রোমান্টিক এই চরিত্রে সালমানের অনবদ্য অভিনয় প্রশংসিত হয় বিভিন্ন মহলে। ছবিটিতে অভিনয়ের কল্যাণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার পাশাপাশি বছরের সেরা অভিনেতা হিসেবে মনোনয়নও পান সালমান।