সালমানকে ছাড়া যাবেন না ক্যাটরিনা! (ভিডিও)
সালমান-ক্যাটরিনা প্রেমের অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু দুজনের সম্পর্কের গভীরে এখনো যে চোরা আবেগের স্রোত বইছে, ক্যাটরিনা যেন এরই প্রমাণ দিলেন ‘এক থা টাইগার’ ছবির প্রচারণায় সালমানকে ছাড়া না যাওয়ার কথা জানিয়ে। চার বছর বিরতির পর ‘এক থা টাইগার’ ছবির মাধ্যমে পর্দায় আবারো এ জুটির রসায়ন দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকেরা। সম্প্রতি সাবেক প্রেমিক ও বর্তমান সহ-অভিনেতা সালমানের সঙ্গেই ছবিটির প্রচারণায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ‘এক থা টাইগার’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একজন মুখপাত্র। তিনি জানিয়েছেন, ‘তাঁদের দুজনের জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটি ছবি এটি। এ কারণে ছবিটির সব প্রচারণায় একসঙ্গে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।’ এক খবরে এ তথ্য দিয়েছে এনডিটিভি। ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ১৫ আগস্ট। এদিকে ১৬ জুলাই ক্যাটরিনার ২৮তম জন্মদিনে দামি গাড়ি উপহার দিয়েছেন সালমান। সালমানের পরিবারের সঙ্গে নৈশভোজেও অংশ নিয়েছেন ক্যাটরিনা। অন্যদিকে রণবীর-দীপিকার ঘনিষ্ঠতা বাড়ার খবর প্রকাশিত হওয়ায় রণবীরের ওপর বেজায় চটেছেন ক্যাটরিনা। রণবীরের সঙ্গে সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এসব কারণে দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেকে মন্তব্য করেছেন, তবে কি আবারও শুরু হতে যাচ্ছে সালমান-ক্যাটরিনা প্রেমের অধ্যায়! Watch Video here: