সালমানকে টপকালেন ক্যাটরিনা

জনপ্রিয়তার দৌড়ে বলিউডের অভিনেতা ও সাবেক প্রেমিক সালমান খানকে হারিয়ে দিলেন ‘ধুম ৩’ তারকা ক্যাটরিনা কাইফ। মোবাইল ফোনে সবচেয়ে বেশি ছবি ও ভিডিও ডাউনলোড করা হয়েছে বলিউডের এমন তারকাদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন এ তারকা অভিনেত্রী। আর দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ৪৮ বছর বয়সী খান সাহেবকে। পরপর চার বছর এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখে নিজের তুমুল জনপ্রিয়তারই প্রমাণ রাখলেন ক্যাটরিনা।

জনপ্রিয়তার মাপকাঠিতে সালমান ও ক্যাটরিনার চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন ক্যাটরিনার বর্তমান প্রেমিক ‘বরফি’ তারকা রণবীর কাপুর। তালিকায় তাঁর অবস্থান ষষ্ঠ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান ও আনুশকা শর্মার মতো জনপ্রিয় তারকারাও ক্যাটকে টেক্কা দিতে ব্যর্থ হয়েছেন। তালিকায় তৃতীয়, পঞ্চম ও অষ্টম স্থান পেয়েছেন জনপ্রিয় এ তিন তারকা অভিনেত্রী। আর চতুর্থ স্থান অর্জন করেছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। সপ্তম অবস্থানে রয়েছেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার।
একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে বলিউডে দারুণ সময় পার করছেন ক্যাটরিনা। গত বছর তাঁর অভিনীত ‘ধুম ৩’ ছবিটি বক্স অফিসে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছে। ছবিটি ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে বিরল নজির গড়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনা অভিনীত ‘ব্যাং ব্যাং’ ও ‘ফ্যান্টম’। ছবি দুটিতে তিনি জুটি বেঁধেছেন হূতিক রোশন ও সাইফ আলী খানের সঙ্গে।