সালমানকে টপকালেন শাহরুখ!
বলিউডের অন্যতম প্রভাবশালী দুই খান সালমান ও শাহরুখ পুরোনো বিবাদ ভুলে বন্ধু হতে চাইলে কী হবে, তাঁদের ভেতরের চিরপ্রতিদ্বন্দ্বিতা যে কমার নয়। এই দুই তারকার ছবি থেকে অনেক বেশি প্রত্যাশা থাকে তাঁদের ভক্ত ও দর্শকদের। এ জন্য মুক্তির বেশ কিছুদিন আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তাঁদের ছবি ও ছবির প্রচারণা। সালমানের ‘এক থা টাইগার’ ছবির প্রচারণামূলক বিজ্ঞাপন দেখে ইউটিউবে প্রচুর মন্তব্য করেছিলেন দর্শকেরা। কিন্তু সম্প্রতি এই দৌড়ে এগিয়ে গেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত ‘যাব তাক হ্যায় জান’ ছবিটি। ‘এক থা টাইগার’ ছবির প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর ইউটিউবে সব মিলিয়ে ২৪ হাজার ৭৪ মন্তব্য এসেছিল। অন্যদিকে, গত সপ্তাহে ‘যাব তাক হ্যায় জান’ ছবির প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর এরই মধ্যে ৪১ হাজার ৬৭৮টি মন্তব্য এসে জড়ো হয়েছে ইউটিউবে। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে ওয়ান ইন্ডিয়া। এখন দেখার বিষয় হলো, বক্স অফিসেও সালমানের ‘এক থা টাইগার’কে টপকাতে পারে কিনা শাহরুখের ‘যাব তাক হ্যায় জান’ ছবিটি।