সালমানকে টপকে শীর্ষে হৃতিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশ রাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ ছবির পারিশ্রমিক বাবদ ২৭ কোটি ভারতীয় রুপি পকেটে পুরেছিলেন বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা সালমান খান। সম্প্রতি পারিশ্রমিকের এ দৌড়ে সালমানকে টপকে গেছেন ‘অগ্নিপথ’ তারকা হৃতিক রোশন। হলিউডের ‘নাইট অ্যান্ড ডে’ ছবির ভারতীয় রিমেকে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে তিনি পাচ্ছেন ৩০ কোটি রুপি। আর এর মধ্য দিয়ে বলিউডের সবচে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার আসনটি দখল করছেন হূতিক। এ বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল হৃতিক অভিনীত ‘অগ্নিপথ’ ছবিটি। ৬০ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ১৯৩ কোটি রুপি। এটিই হূতিকের প্রথম ছবি যা বক্স অফিসে একশো কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। ছবিটির সাফল্যের পর দর বাড়ানোর সিদ্ধান্ত নেন হৃতিক। সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৫০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়ে দেন এ অভিনেতা। এক খবরে এমন তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। সম্প্রতি ‘নাইট অ্যান্ড ডে’ ছবিটির রিমেকে অভিনয়ের পারিশ্রমিক বাবদ ৩০ কোটি রুপি দাবি করেন হৃতিক। পরে ছবিটিতে হৃতিকের অন্তর্ভুক্তি পাকাপাকি করে ছবিটির প্রযোজনা সংস্থা ফক্স স্টার স্টুডিওস। ছবিটিতে হৃতিকের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্যাটরিনা কাইফ। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘সালাম নমস্তে’খ্যাত বলিউডের চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।