সালমানকে পেছনে ফেললেন অর্জুন রামপাল
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খানকে পেছনে ফেলে ২০১২ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ নির্বাচিত হয়েছেন অর্জুন রামপাল। সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষের নামের তালিকায় তিন নম্বর আসনটি দখল করেছেন সালমান। সম্প্রতি অনলাইন ভোটিংয়ের মাধ্যমে গত বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ৫০ জন পুরুষ নির্বাচন করেছে ‘টাইমস’। এ প্রক্রিয়ায় সব মিলিয়ে সাত লাখেরও বেশি ভোট জমা পড়েছে। সবচেয়ে বেশি ভোট পেয়ে তালিকা শীর্ষে উঠে এসেছে বলিউডের অভিনেতা অর্জুন রামপালের নাম। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে তেলেগু অভিনেতা মহেশ বাবু এবং বলিউডের অভিনেতা সালমান খান। সেরা দশের বাকি আসনগুলো দখল করেছেন যথাক্রমে হূতিক রোশন, জন আব্রাহাম, অক্ষয় কুমার, ক্রিকেটার বিরাট কোহলি, নবাগত অভিনেতা বরুণ ধাওয়ান, রণবীর কাপুর এবং রানা দাগুবতী। অল্পের জন্য সেরা দশে জায়গা পাননি ‘বলিউড বাদশাহ’খ্যাত তারকা অভিনেতা শাহরুখ খান। তিনি আছেন ১১তম অবস্থানে। তালিকায় আরও আছেন নবাগত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, শহিদ কাপুর, ফারহান আখতার, সাইফ আলী খান, ইমরান খান, পাকিস্তানি গায়ক ও বলিউডের অভিনেতা আলী জাফর, রণবীর সিং, আমির খান, অজয় দেবগন, প্লেব্যাক গায়ক সনু নিগম, পাকিস্তানি গায়ক ও বলিউডের প্লেব্যাকশিল্পী আতিফ আসলাম, ছোট ও বড় পর্দার অভিনেতা সুশান্ত সিং রাজপুত, নির্মাতা করণ জোহর প্রমুখ। ‘টাইমস’ ২০১২ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত ৫০ জন নারীর নামের তালিকা প্রকাশ করেছিল গত সপ্তাহে। তালিকায় সেরা দশে ছিলেন যথাক্রমে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, চিত্রাঙ্গদা সিং, সানি লিওন, প্রিয়াংকা চোপড়া, বিপাশা বসু, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি ও সোনাক্ষী সিনহা।